আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে নতুন রণতরি, ইরানের ওপর অনির্দিষ্টকাল অবরোধের হুমকি যুক্তরাষ্ট্রের

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন সমুদ্রে অবস্থানের পর বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনকে সরিয়ে সেখানে ইউএসএস জর্জ ওয়াশিংটন মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। দীর্ঘ সময় সমুদ্রে থাকার কারণে আব্রাহাম লিংকনের নাবিকদের মানসিক স্বাস্থ্য, পানীয় জল ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় এই রদবদল করা হচ্ছে বলে জানা গেছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, রণতরি বদল হলেও ইরানের ওপর নৌ অবরোধ অব্যাহত রাখবে ওয়াশিংটন। যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু না হলে ইরানের বন্দরগুলোর ওপর অনির্দিষ্টকাল অবরোধ বজায় রাখার হুমকিও দিয়েছে যুক্তরাষ্ট্র।

অন্যদিকে ইরান যুক্তরাষ্ট্রের হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি প্রত্যাখ্যান করেছে। তেহরানের দাবি, প্রণালিটি তাদের নিয়ন্ত্রণে এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার ও বিদেশে থাকা ইরানের সম্পদ ফেরত না দেওয়া পর্যন্ত মার্কিন জাহাজকে এই জলপথ ব্যবহার করতে দেওয়া হবে না।

মার্কিন আইনপ্রণেতারা জানিয়েছেন, ইউএসএস আব্রাহাম লিংকন ২৪০ দিনের বেশি সময় সমুদ্রে অবস্থান করেছে। এ সময়ে পানিদূষণ, পানীয় জলের সংকট এবং নাবিকদের মানসিক চাপ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। অবসরপ্রাপ্ত নৌ কর্মকর্তা হারলান উলম্যানের মতে, দীর্ঘ সময় বন্দরে না ভিড়ে সমুদ্রে থাকায় রণতরিটির কার্যক্ষমতা ও প্রস্তুতিতে প্রভাব পড়তে পারে।

এদিকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানকে অর্থনৈতিকভাবে আরও বিচ্ছিন্ন করতে নতুন পদক্ষেপের ঘোষণা দিয়েছেন। ১৭ জুনের ৬০ দিনের সমঝোতার মেয়াদ ১৬ আগস্ট শেষ হওয়ার পথে থাকলেও নতুন আলোচনার কোনো স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে না।

হরমুজ প্রণালির পরিস্থিতিও উদ্বেগজনক। সাধারণ সময়ে প্রতিদিন প্রায় ১৩০ থেকে ১৪০টি জাহাজ চলাচল করলেও মঙ্গলবার মাত্র আটটি জাহাজ এই জলপথ অতিক্রম করেছে। গত ১০ দিনে দৈনিক গড়ে প্রায় ১২টি জাহাজ চলাচল করেছে বলে জানা গেছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস পরিবহনপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমে যাওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। ইরান একদিকে মার্কিন অবরোধের কারণে অর্থনৈতিক চাপের মুখে পড়লেও অন্যদিকে হরমুজ প্রণালিকে কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর ওপর চাপ বাড়ানোর চেষ্টা করছে।

সূত্র: রয়টার্স, আল জাজিরা।

এফ বার্তা/ এইচ

 

ক্যাটাগরি