সারাদেশ

ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ সদর উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আলালপুরে নিপা অটো রাইস মিলের সামনে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হালুয়াঘাটগামী ইমাম পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা শ্যামলী বাংলা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন এবং ১২ জন আহত হন।

পরে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মো. আব্দুর রাজ্জাক (৬০) এবং ফুলপুর উপজেলার মো. তোফাজ্জল হোসেন (৬০) রয়েছেন। নিহত অপর ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর হলেও তাঁর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাস দুটি আটক করে। তবে দুই বাসের চালকই পালিয়ে গেছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় কোতোয়ালী থানায় একটি মামলা করা হয়েছে। দুর্ঘটনার কারণ এবং দায়ীদের শনাক্ত করতে পুলিশ তদন্ত করছে।

ক্যাটাগরি