ধর্ম

মানসিক অস্থিরতা ও রিজিকের দুশ্চিন্তায় সুরা ইনশিরার যে শিক্ষা

ছবি : সংগৃহীত

জীবনে এমন অনেক সময় আসে, যখন চারপাশের পরিস্থিতি স্বাভাবিক থাকলেও মনের ভেতর অস্থিরতা কাজ করে। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, ব্যর্থতার ভয়, সম্পর্কের টানাপোড়েন কিংবা জীবিকার অনিশ্চয়তা মানুষকে মানসিকভাবে ক্লান্ত করে তোলে। এমন পরিস্থিতিতে পবিত্র কোরআনের সুরা ইনশিরা মানুষকে ধৈর্য ধারণ, আশাবাদী থাকা এবং আল্লাহর ওপর ভরসা রাখার শিক্ষা দেয়।

এই সুরার অন্যতম গুরুত্বপূর্ণ বার্তা হলো-কষ্টের সঙ্গে স্বস্তিও রয়েছে। জীবনের কঠিন পরিস্থিতি যত দীর্ঘই হোক, আল্লাহর রহমতের প্রতি আশা হারানো উচিত নয়। বরং ধৈর্য ধরে নিজের দায়িত্ব পালন এবং হালাল উপায়ে চেষ্টা চালিয়ে যেতে হবে।

সুরা ইনশিরা পবিত্র কোরআনের ৯৪তম সুরা। এটি সুরা শারহ নামেও পরিচিত। মক্কায় অবতীর্ণ এ সুরায় মোট আটটি আয়াত রয়েছে। আরবি ‘ইনশিরা’ শব্দের অর্থ প্রশস্ত করা বা উন্মুক্ত করে দেওয়া।

এ সুরায় মহান আল্লাহ নবীজি (সা.)-এর প্রতি তাঁর বিশেষ অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। একই সঙ্গে তাঁর দায়িত্ব পালনের পথ সহজ করা, মর্যাদা বৃদ্ধি, কঠিন সময়ের পর স্বস্তির সুসংবাদ এবং ইবাদতে মনোনিবেশ করার নির্দেশনা দিয়েছেন।

সুরার প্রথম আয়াতে আল্লাহ তায়ালা বলেন, ‘আমি কি আপনার বক্ষ প্রশস্ত করে দিইনি?’ (সুরা ইনশিরা, আয়াত: ১)।

এখানে বক্ষ প্রশস্ত করার অর্থ শুধু শারীরিক কোনো বিষয় নয়। তাফসিরকারদের ব্যাখ্যা অনুযায়ী, এর মধ্যে রয়েছে নবীজি (সা.)-এর অন্তরকে প্রশস্ত করা, হেদায়েত ও প্রজ্ঞা দান করা এবং নবুওয়াতের গুরুদায়িত্ব পালনের জন্য তাঁকে মানসিক শক্তি ও প্রশান্তি দেওয়া।

পরের আয়াতগুলোতে আল্লাহ তাঁর রাসুলের ভার লাঘব করা এবং মর্যাদা সমুন্নত করার কথা উল্লেখ করেছেন (সুরা ইনশিরা, আয়াত: ২–৪)। এসব আয়াত থেকে বোঝা যায়, আল্লাহর অনুগ্রহ মানুষের জন্য কত বড় নেয়ামত। জীবনের দায়িত্ব ও পরীক্ষা যত কঠিনই হোক, আল্লাহর সাহায্য মানুষের জন্য শক্তি ও প্রশান্তির উৎস হতে পারে।

কষ্টের সঙ্গে স্বস্তির সুসংবাদ

সুরা ইনশিরার সবচেয়ে আলোচিত দুটি আয়াত হলো পাঁচ ও ছয় নম্বর আয়াত। আল্লাহ তায়ালা বলেন, ‘নিশ্চয়ই কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে। নিশ্চয়ই কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে।’ (সুরা ইনশিরা, আয়াত: ৫–৬)।

একই সুসংবাদ পরপর দুবার উল্লেখ করার মাধ্যমে কঠিন পরিস্থিতিতেও আশাবাদী থাকার শিক্ষা দেওয়া হয়েছে। মানুষের জীবনে কোনো সংকটই চিরস্থায়ী নয়। দুঃসময় যত কঠিনই হোক, আল্লাহর রহমত ও সাহায্যের ব্যাপারে নিরাশ হওয়া উচিত নয়।

এ আয়াতের একটি গুরুত্বপূর্ণ দিক হলো, আল্লাহ কষ্টের সঙ্গে স্বস্তির কথা বলেছেন। অর্থাৎ বিপদের সময়ও তাঁর অনুগ্রহ ও কল্যাণের পথ উন্মুক্ত থাকতে পারে। কখনো পরিস্থিতির পরিবর্তনের মাধ্যমে স্বস্তি আসে, আবার কখনো মানুষকে সেই পরিস্থিতি মোকাবিলার মানসিক শক্তি, ধৈর্য ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার সামর্থ্য দেওয়া হয়।

তবে এর অর্থ এই নয় যে, প্রতিটি সমস্যার সমাধান সঙ্গে সঙ্গেই পাওয়া যাবে। বরং একজন মুমিনকে ধৈর্য ধরতে হবে, নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে এবং আল্লাহর ওপর ভরসা রাখতে হবে।

রিজিকের দুশ্চিন্তায় সুরা ইনশিরার শিক্ষা

মানুষের জীবনে দুশ্চিন্তার অন্যতম বড় কারণ রিজিক বা জীবিকার অনিশ্চয়তা। সংসারের খরচ মেটানো, ঋণ পরিশোধ, চাকরি পাওয়া কিংবা ব্যবসায় সফল হওয়ার চিন্তা অনেক সময় মানুষকে হতাশ করে তোলে। দীর্ঘদিন চেষ্টা করেও প্রত্যাশিত ফল না পেলে কেউ কেউ ভবিষ্যৎ নিয়েও শঙ্কিত হয়ে পড়েন।

এমন পরিস্থিতিতে সুরা ইনশিরার পাঁচ ও ছয় নম্বর আয়াত মানুষকে আশার বার্তা দেয়। কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে—আল্লাহর এই ঘোষণা মনে করিয়ে দেয়, জীবিকার সংকটেও হতাশ হয়ে পড়া উচিত নয়। আল্লাহর রহমতের প্রতি আশা রেখে হালাল উপায়ে চেষ্টা চালিয়ে যেতে হবে।

ভালো কাজে মনোযোগী হওয়ার নির্দেশনা

সুরা ইনশিরার শেষ দুটি আয়াতেও রয়েছে জীবনের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা। আল্লাহ তায়ালা বলেন, ‘অতএব, যখনই অবসর পাও, তখনই কঠোর পরিশ্রমে লেগে পড়ো। আর তোমার প্রতিপালকের প্রতি মনোনিবেশ করো।’ (সুরা ইনশিরা, আয়াত: ৭–৮)।

তাফসিরকারদের ব্যাখ্যা অনুযায়ী, একটি দায়িত্ব শেষ হলে অন্য কল্যাণকর কাজে মনোনিবেশ করতে হবে। বিশেষ করে ইবাদত ও আল্লাহর স্মরণে সময় দিতে হবে।

এ আয়াত মানুষকে অলসতা ও হতাশা থেকে দূরে থাকার শিক্ষা দেয়। জীবিকার জন্য চেষ্টা করতে হবে, পাশাপাশি নামাজ, দোয়া ও ইবাদতের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক বজায় রাখতে হবে। অভাবের সময় ধৈর্য ধরতে হবে, আর সচ্ছলতার সময় কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে।

মানুষের জীবনে দুঃসময় আসবেই। কখনো আর্থিক সংকট, কখনো ব্যর্থতা, আবার কখনো সম্পর্কের টানাপোড়েন হতাশার কারণ হতে পারে। তবে সুরা ইনশিরা মনে করিয়ে দেয়, কষ্টের সময়েও আল্লাহর রহমতের আশা রাখতে হবে। ধৈর্য, চেষ্টা, ইবাদত ও আল্লাহর ওপর ভরসার মধ্য দিয়েই একজন মুমিন কঠিন সময় মোকাবিলা করার শক্তি খুঁজে পেতে পারেন।

ক্যাটাগরি