মির্জা ফখরুল রাষ্ট্রপতি হওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির গঠনতন্ত্রের ৭(খ-৬) ধারা অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। তার এই মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। এর মধ্য দিয়ে দীর্ঘদিন বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন শেষে রাষ্ট্রপতির দায়িত্বে যাচ্ছেন তিনি।
মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখতে রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হলো।




