মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড অনুমোদন

মেঘনা ব্যাংক পিএলসির ৪০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (২৫ আগস্ট) অনুষ্ঠিত বিএসইসির ১ হাজার ২৬তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়। কমিশনের চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। পরে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মেঘনা ব্যাংক সাত বছর মেয়াদি এই বন্ড ইস্যু করবে। এটি হবে নন-কনভার্টিবল, আনসিকিউর্ড, ফুলি রিডিমেবল ও কুপন-বিয়ারিং বন্ড। পাশাপাশি বন্ডটির সুদহার হবে ফ্লোটিং রেটভিত্তিক।
বন্ডের কুপন রেট প্রযোজ্য রেফারেন্স রেটের সঙ্গে ৩ শতাংশ মার্জিন যোগ করে নির্ধারণ করা হবে। প্রতিটি বন্ড ইউনিটের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ টাকা।
বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে করপোরেট প্রতিষ্ঠান, উচ্চ সম্পদশালী ব্যক্তি, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, প্রভিডেন্ট ও পেনশন ফান্ড এবং বীমা কোম্পানির কাছে বিক্রি করা হবে।
বিএসইসি জানিয়েছে, বন্ড ইস্যুর মাধ্যমে সংগ্রহ করা অর্থ বাসেল-৩ নীতিমালার আওতায় মেঘনা ব্যাংকের টায়ার-২ মূলধনভিত্তি শক্তিশালী করতে ব্যবহার করা হবে। এর ফলে ব্যাংকের মূলধন কাঠামো আরও শক্তিশালী করার পাশাপাশি নিয়ন্ত্রক মূলধনের প্রয়োজনীয়তা পূরণে সহায়তা করবে।
বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি। আর ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেড।
সাবঅর্ডিনেটেড বন্ড সাধারণত ব্যাংকের দীর্ঘমেয়াদি মূলধন কাঠামোর অংশ হিসেবে ব্যবহৃত হয়। বিশেষ করে বাসেল-৩ কাঠামোর অধীনে ব্যাংকের টায়ার-২ মূলধন বাড়াতে এ ধরনের বন্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ফিন্যান্সিয়াল বার্তা/এইচ



