মেয়েদের বিনা বেতনে অনার্স পড়ার সুযোগ, মেধাবীদের দেওয়া হবে বৃত্তি: প্রধানমন্ত্রী

দেশের মেয়েদের অনার্স পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
রোববার বিকেলে কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড, ভাতা ও অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, দেশের অর্ধেক জনসংখ্যা নারী। নারীদের স্বাবলম্বী করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
অনুষ্ঠানে ১৪টি পরিবারকে ফ্যামিলি কার্ড, ১০ জন মেধাবী শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির উপকারভোগীদের আর্থিক সহায়তা দেওয়া হয়। এ ছাড়া সদর উপজেলার ৪৫৭ নারী উপকারভোগীর কাছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফ্যামিলি কার্ডের অর্থ পাঠানো হয়।
প্রধানমন্ত্রী জানান, সরকার গঠনের পর ১৩ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে।
পরে প্রধানমন্ত্রী ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে যান। সেখানে ১৭ কোটি টাকা সরকারি অর্থায়নে গৃহীত উন্নয়নকাজের ফলক উন্মোচন করেন। পরে ছাত্রদলের পক্ষ থেকে দুটি নিমগাছের চারা রোপণ করেন। এরপর সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।
বিভিন্ন অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ, সমাজকল্যাণমন্ত্রী এজেডএম জাহিদ হোসেন, জেলা বিএনপির সভাপতি ও বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম এমপি এবং কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দীনসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।




