যুক্তরাষ্ট্রের গানভর থেকে ১৩ বছরে ৭৮ কার্গো এলএনজি আমদানির নীতিগত অনুমোদন

সরকার-টু-সরকার (জিটুজি) পদ্ধতিতে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান গানভর ইউএসএ এলএলসি থেকে ১৩ বছর মেয়াদে ৭৮ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, ২০২৬ থেকে ২০৩৯ সাল পর্যন্ত প্রতি বছর ছয়টি করে মোট ৭৮ কার্গো এলএনজি সরবরাহ করবে গানভর ইউএসএ এলএলসি। বর্তমান বাজারদরে এসব এলএনজির মোট মূল্য প্রায় ৭১ হাজার ৪৯৫ কোটি টাকা।
প্রস্তাব অনুযায়ী, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করবে এবং চুক্তি কার্যকর করবে পেট্রোবাংলা।
বর্তমানে বাংলাদেশ কাতার, ওমান, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের পাঁচটি প্রতিষ্ঠানের সঙ্গে মোট সাতটি জিটুজি চুক্তির আওতায় এলএনজি আমদানি করছে। তবে দেশের গ্যাসের ঘাটতি এবং ভবিষ্যতের বাড়তি চাহিদা মেটাতে দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি—উভয় ধরনের এলএনজি আমদানির উদ্যোগ নিয়েছে সরকার।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, নতুন এই দীর্ঘমেয়াদি চুক্তি বাস্তবায়িত হলে আন্তর্জাতিক বাজারে মূল্য ওঠানামার মধ্যেও দেশে গ্যাস সরবরাহে স্থিতিশীলতা বজায় রাখা সহজ হবে। একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদন ও শিল্প খাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




