আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ এখনই শেষ করতে চান ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েক মাস ধরে চলা সংঘাত অবসানে এখনই যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ইরান বর্তমানে শক্তিশালী অবস্থানে রয়েছে এবং কূটনৈতিক আলোচনা স্থবির থাকলেও যুদ্ধ শেষ করার জন্য এটাই উপযুক্ত সময়।

শুক্রবার (২২ আগস্ট) চিকিৎসকদের সঙ্গে এক বৈঠকে পেজেশকিয়ান বলেন, ইরান এখন শক্তি ও মর্যাদার অবস্থানে রয়েছে। তাই দেশের স্বার্থে যুদ্ধ দ্রুত শেষ করা প্রয়োজন। একই সঙ্গে তিনি দাবি করেন, বিশ্ব ইরানের বিজয় স্বীকার করছে।

ইরানের প্রেসিডেন্টের অভিযোগ, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন ও নিয়মকানুন লঙ্ঘন করে দেশটির স্কুল, হাসপাতাল ও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলা চালিয়েছে। এর ফলে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের প্রতি নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পক্ষে পেজেশকিয়ান

জুনে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা একটি সমঝোতা স্মারক নিয়ে ইরানের কট্টরপন্থি এমপিদের সমালোচনারও জবাব দিয়েছেন পেজেশকিয়ান। ওই সমঝোতায় ইরান যুক্তরাষ্ট্রকে ছাড় দিয়েছে—এমন অভিযোগ নাকচ করে তিনি বলেন, চুক্তির কোনো ধারাতেই আত্মসমর্পণের ইঙ্গিত নেই এবং প্রতিশ্রুতিগুলো উভয় পক্ষের জন্যই প্রযোজ্য।

তবে যুদ্ধ বন্ধের আহ্বানের মধ্যেই ইরানের সামরিক নেতৃত্ব সম্ভাব্য নতুন হামলার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদোল্লাহি জানিয়েছেন, স্থল, সমুদ্র, আকাশ, আকাশ প্রতিরক্ষা ও সাইবার—সব ক্ষেত্রেই ইরানের বাহিনী প্রস্তুত রয়েছে। নতুন কোনো হুমকি এলে শত্রুকে কঠোর ও বিধ্বংসী জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

তথ্যসূত্র: আল জাজিরা

ক্যাটাগরি