যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসা নীতিতে বড় পরিবর্তন

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী, বিনিময় দর্শনার্থী এবং সাংবাদিকদের ভিসা নীতিতে বড় ধরনের পরিবর্তন আনছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। নতুন প্রস্তাবিত বিধি অনুযায়ী, দীর্ঘদিন ধরে চালু থাকা ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ (Duration of Status) ব্যবস্থা বাতিল করে আন্তর্জাতিক শিক্ষার্থী ও বিনিময় দর্শনার্থীদের অবস্থানের মেয়াদ সাধারণত সর্বোচ্চ চার বছর নির্ধারণ করা হবে।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) প্রকাশিত খসড়া বিধিতে বলা হয়েছে, নির্ধারিত চার বছরের বেশি সময় থাকতে চাইলে সংশ্লিষ্টদের ভিসার মেয়াদ নবায়নের আবেদন করতে হবে অথবা দেশ ছেড়ে পুনরায় প্রবেশের অনুমতি নিতে হবে। বিদেশি সাংবাদিকদের ক্ষেত্রে প্রতিবার প্রবেশের অনুমতি সর্বোচ্চ ২৪০ দিন এবং চীনা নাগরিকদের জন্য ৯০ দিন পর্যন্ত সীমাবদ্ধ রাখা হবে।
তবে এই বিধি তাৎক্ষণিক কার্যকর হচ্ছে না। ফেডারেল রেজিস্টারে প্রকাশের ৬০ দিন পর এবং কংগ্রেসের পর্যালোচনা শেষে এটি কার্যকর হতে পারে।
ট্রাম্প প্রশাসনের দাবি, অনির্দিষ্টকাল অবস্থানের সুযোগ জাতীয় নিরাপত্তা ও অভিবাসন তদারকিতে ঝুঁকি তৈরি করেছে। ডিএইচএস জানিয়েছে, ২০০০-২০১০ সালের মধ্যে শিক্ষার্থী হিসেবে প্রবেশ করা কিছু ব্যক্তি এখনো বিভিন্ন কর্মসূচির নামে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ১৮ লাখের বেশি শিক্ষার্থী ভিসাধারী, ৫ লাখের বেশি বিনিময় দর্শনার্থী এবং প্রায় ৩৭ হাজার ৩০০ বিদেশি সাংবাদিক যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন। ক্রমবর্ধমান এই সংখ্যা কার্যকর নজরদারিকে আরও কঠিন করে তুলেছে বলে মনে করছে ডিএইচএস।
বিশ্লেষকদের মতে, বৈধ ও অবৈধ—উভয় ধরনের অভিবাসনের ওপর নিয়ন্ত্রণ জোরদারে ট্রাম্প প্রশাসনের চলমান নীতির অংশ হিসেবেই এই নতুন ভিসা বিধি আনা হচ্ছে। এটি কার্যকর হলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার পরিকল্পনা করা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নবায়ন ও অবস্থানের নিয়ম আরও কঠোর হতে পারে।




