যোগ্য প্রার্থীকে নিয়োগ না দিলে কমিটি বাতিল, শিক্ষকের এমপিও স্থগিতের নির্দেশ হাইকোর্টের

শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে আইনানুগভাবে যোগ্য বিবেচিত কোনো প্রার্থীকে অযৌক্তিকভাবে বঞ্চিত করা হলে সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ ধরনের অনিয়মের ঘটনায় সংশ্লিষ্ট কমিটি বাতিল এবং দায়ী শিক্ষকের এমপিও স্থগিতসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন আদালত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারপতি মুরাদ-এ-মওলা সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। অধ্যক্ষ পদে নিয়োগপ্রত্যাশী এক প্রার্থীর করা রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুল খারিজ করে আদালত এসব নির্দেশনা দেন।
রিট আবেদনকারীর পক্ষে আদালতে ছিলেন অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া। কারিগরি শিক্ষা অধিদপ্তরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ রাফিউল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জে আর খান রবিন এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মো. হুমায়ুন হোসেন তুহিন, ফারহানা আবেদিন ও শারমিন হামিদ।
মামলার বিবরণে জানা যায়, কিশোরগঞ্জের হোসেনপুর কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যক্ষ নিয়োগ পরীক্ষায় অংশ নিয়ে লিখিত ও মৌখিক-উভয় পরীক্ষায় প্রথম হয়েছিলেন মো. জাহাঙ্গীর আলম। তবে কোরাম সংকটের কারণ দেখিয়ে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি তাকে নিয়োগ দেয়নি।
এ ঘটনায় ২০১৯ সালে হাইকোর্টে রিট করেন জাহাঙ্গীর আলম। পরে আদালত এ বিষয়ে রুল জারি করেন। দীর্ঘ শুনানি শেষে রুল খারিজ করে রায় দেন হাইকোর্ট। রায়ে আদালত উল্লেখ করেন, ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির বিরুদ্ধে এ ধরনের রিট রক্ষণীয় নয়।
রায়ের বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জে আর খান রবিন জানান, আদালত কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে রয়েছে, কোনো আবেদনকারী আইনানুগ প্রক্রিয়ায় স্কুল বা কলেজে নিয়োগের জন্য যোগ্য বিবেচিত হলে সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি কিংবা কমিটির কোনো সদস্য যৌক্তিক কারণ ছাড়া তাকে নিয়োগ থেকে বঞ্চিত করতে পারবেন না।
কোনো যোগ্য প্রার্থীকে অযৌক্তিকভাবে নিয়োগ না দেওয়া হলে সংশ্লিষ্ট কমিটি, গভর্নিং বডি বা দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।
এ ছাড়া এ ধরনের আইনবহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা হিসেবে সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি বাতিল এবং দায়ী শিক্ষকের এমপিও স্থগিত করাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।



