রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য বা তেল কিনতে বাংলাদেশকে আরও ৬০ দিনের জন্য নিষেধাজ্ঞা শিথিলের সুবিধা দিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে রুশ জ্বালানি পণ্য আমদানিতে থাকা সীমাবদ্ধতা সাময়িকভাবে শিথিল থাকবে এবং বাংলাদেশ আগের মতো আমদানি কার্যক্রম চালিয়ে যেতে পারবে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সংশ্লিষ্ট সূত্র জানায়, ১১ এপ্রিল থেকে এই নতুন ছাড় কার্যকর হয়েছে, যা আগামী ৯ জুন পর্যন্ত বহাল থাকবে।
এর আগে ১১ এপ্রিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ সিদ্ধান্তের বিষয়টি জানায়।
উল্লেখ্য, গত ১২ মার্চ মার্কিন ট্রেজারি বিভাগ রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য সংক্রান্ত লেনদেনে ৩০ দিনের একটি ছাড় দিয়েছিল, যার মেয়াদ ১১ এপ্রিল শেষ হয়। পরে নতুন করে আরও ৬০ দিনের সময় বাড়ানো হলো।
বাংলাদেশ ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে কয়েক দফা উচ্চপর্যায়ের আলোচনার পরিপ্রেক্ষিতে এই ছাড়ের আবেদন করা হয়েছিল। গত ১৮ মার্চ এক ভার্চুয়াল বৈঠকের পর ২০ মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ বিষয়ে চিঠি দেয় বিপিসি।
ওই বৈঠকে মার্কিন ট্রেজারি বিভাগ, মার্কিন পররাষ্ট্র দপ্তর, ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস ও জ্বালানি বিভাগের প্রতিনিধিরা অংশ নেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার মধ্যে এই সিদ্ধান্ত বাংলাদেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতিতে সাময়িক স্বস্তি এনে দেবে।




