রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়ন ফরম সংগ্রহ

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন বিএনপি। তবে দলটি জানিয়েছে, দুটি ফরম একই প্রার্থীর জন্য নেওয়া হয়েছে।
রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয় থেকে মনোনয়নপত্র দুটি সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
চিফ হুইপ নূরুল ইসলাম জানান, রাষ্ট্রপতি পদে একজন প্রার্থীর জন্যই মনোনয়নপত্র নেওয়া হয়েছে। তবে একটি ফরমে কোনো ধরনের ভুল-ত্রুটি থাকলে বিকল্পটি ব্যবহার করা যায়—এ কারণেই দুটি ফরম সংগ্রহ করা হয়েছে। কোনো প্রার্থীর নাম উল্লেখ করে ফরম দুটি নেওয়া হয়নি। তফসিল অনুযায়ী নির্ধারিত সময়ে বিএনপি মনোনয়নপত্র জমা দেবে।
এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। রোববার জোটটি লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মনোনীত করেছে।
একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলে ১৯৯১ সালের পর এটিই হবে একাধিক প্রার্থীর অংশগ্রহণে প্রথম রাষ্ট্রপতি নির্বাচন। ১৯৯১ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী আবদুর রহমান বিশ্বাস আওয়ামী লীগের প্রার্থী বদরুল হায়দার চৌধুরীকে পরাজিত করেছিলেন। এরপরের রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ২৪ জুলাই পদত্যাগ করার পর আগামী ২০ আগস্ট ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।
তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে ভোটগ্রহণ হবে।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন সংসদ সদস্যরা। ফলে সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা থাকা বিএনপির প্রার্থী জয়ী হওয়ার সম্ভাবনা বেশি। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সংসদ সদস্য নিজ দলের বিপক্ষে ভোট দিতে পারেন না।
সংসদের অধিবেশন চলমান না থাকলে একাধিক প্রার্থী থাকলে ভোটগ্রহণের জন্য প্রধান নির্বাচন কমিশনার স্পিকারের সঙ্গে পরামর্শ করে এক দিনের জন্য সংসদের বৈঠক আহ্বান করবেন। তবে এই বৈঠক সংসদের নিয়মিত অধিবেশন হিসেবে গণ্য হবে না।
একই প্রার্থীর নামে দুটি মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সুযোগ রয়েছে। মূলত একটি মনোনয়নপত্রে কোনো ভুল-ত্রুটি থাকলে যাতে অন্যটি বিবেচনায় নেওয়া যায়, সে কারণেই একই প্রার্থীর জন্য একাধিক ফরম নেওয়া হয়।
এফ বার্তা /এইচ




