শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে সচেতন ভোটের আহ্বান এবি পার্টি চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর;

রাজধানীর বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে আয়োজিত চাইল্ড রাইটস ম্যানিফেস্টোতে রাজনৈতিক দল গুলোর সম্মতি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করেছে ইউনিসেফ।
ইউনিসেফের উদ্যোগে সোমবার (১ ডিসেম্বর) এ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সম্মতি স্বাক্ষর প্রদান করে। এসময় আমার বাংলাদেশ (এবি পার্টি ) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, রাষ্ট্র এখনো শিশুদের স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন ও নিরাপদ পানির মতো মৌলিক অধিকার নিশ্চিত করতে পারেনি,এটি অত্যন্ত দুঃখজনক। এসব মৌলিক বিষয়ে আজও আমাদের আলোচনার প্রয়োজন হচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন,আমাদের রাজনৈতিক মতপার্থক্য থাকলেও এক জায়গায় আমাদের সবার মিল,আমরা সবাই কোনো এক সময় শিশু ছিলাম, ছিল আমাদের দুরন্ত শৈশব। তাই আমি চাই আজকের শিশুরাও যেনো আনন্দময় শৈশব পায়। ইউনিসেফ শৈশবকে আনন্দময় করতে যে ১০ দফা অঙ্গীকার ঘোষণা করেছে, তার সঙ্গে আমি সম্পূর্ণ একাত্মতা প্রকাশ করছি এবং সুন্দর ডাটা বিশ্লেষণের জন্য ইউনিসেফকে ধন্যবাদ জানাচ্ছি।
মজিবুর রহমান মঞ্জু বলেন,শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে হলে অন্ধ আনুগত্যের রাজনীতি থেকে বের হতে হবে। দল, মত, আদর্শ বা নেতার প্রতি অন্ধ সমর্থন কিংবা শুধু মার্কা দেখে ভোট দিলে হবে না। আমরা ভোট দিতে যাওয়ার সময় শিশুদের ভবিষ্যৎকে মাথায় রেখে ভোট দেবো।
অনুষ্ঠানে এবি পার্টির নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়া, আন্তর্জাতিক বিভাগ এর প্রধান ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, শ্যাডো অ্যাফেয়ার্সের সদস্য ইমরান মাহমুদ ও মোহাম্মদ সিরাজুল ইসলাম।




