শিশুদের মানসিক স্বাস্থ্য ক্ষতির অভিযোগে মেটাকে ৫৬৭ মিলিয়ন ডলার জরিমানা

ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান Meta Platformsকে শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্যের ক্ষতির অভিযোগে ৫৬ কোটি ৭০ লাখ ডলার (৫৬৭ মিলিয়ন ডলার) জরিমানা করার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি আদালত। আদালত নির্দেশ দিয়েছেন, এই অর্থ শিশু ও কিশোরদের মানসিক স্বাস্থ্যসেবা তহবিলে জমা দিতে হবে। পাশাপাশি আগামী পাঁচ বছরের মধ্যে অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের সুরক্ষায় ফেসবুক ও ইনস্টাগ্রামে একাধিক পরিবর্তন আনতে হবে।
বৃহস্পতিবার নিউ মেক্সিকোর সান্তা ফের ফার্স্ট জুডিশিয়াল ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক ব্রায়ান বিডশাইড এ রায় দেন। ডেমোক্র্যাট দলীয় অ্যাটর্নি জেনারেল রাউল তোরেসের করা মামলায় আদালত মন্তব্য করেন, মেটার কার্যক্রম শিশু-কিশোরদের জন্য ক্ষতিকর পরিবেশ তৈরি করেছে এবং তা জনস্বার্থের পরিপন্থী।
মামলায় অভিযোগ করা হয়, মেটা ইচ্ছাকৃতভাবে ফেসবুক ও ইনস্টাগ্রাম এমনভাবে ডিজাইন করেছে, যাতে শিশু-কিশোররা দীর্ঘ সময় প্ল্যাটফর্মে আসক্ত থাকে। পাশাপাশি যৌন শোষণ ও অনলাইন ঝুঁকি থেকে অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষায় প্রতিষ্ঠানটি যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে।
রায়ে আদালত মেটাকে শিশু-কিশোরদের জন্য মাসিক ব্যবহারসীমা নির্ধারণ, অতিরিক্ত নোটিফিকেশন কমানো, অপ্রাপ্তবয়স্কদের সঙ্গে প্রাপ্তবয়স্কদের যোগাযোগে কঠোর নিয়ন্ত্রণ, এআই চ্যাটবটের নিরাপত্তা জোরদার এবং শিশুদের যৌন নির্যাতনসংক্রান্ত অভিযোগ আরও কঠোরভাবে পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন। এছাড়া নিউ মেক্সিকোর কোনো শিশু যেন এআই চ্যাটবটের সঙ্গে প্রেম বা যৌন ইঙ্গিতপূর্ণ কথোপকথনে জড়াতে না পারে, সেটিও নিশ্চিত করতে বলা হয়েছে।
এর আগে চলতি বছরের মার্চে একই মামলার প্রথম ধাপে আদালত রায় দিয়েছিলেন, তরুণ ব্যবহারকারীদের নিরাপত্তা নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়ে মেটা ভোক্তা সুরক্ষা আইন লঙ্ঘন করেছে। তখন প্রতিষ্ঠানটিকে ৩৭ কোটি ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এদিকে রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে মেটা। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, অনলাইনে কিশোরদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা ধারাবাহিকভাবে কাজ করছে এবং ক্ষতিকর কনটেন্ট শনাক্ত ও অপসারণে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের দাবি, ভুল তথ্যের ভিত্তিতে আনা অভিযোগের বিরুদ্ধে আইনি লড়াই অব্যাহত থাকবে।
শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্রে আইনি চাপ ক্রমেই বাড়ছে। ইতোমধ্যে ৪০টির বেশি অঙ্গরাজ্য এবং ১ হাজার ৩০০টির বেশি স্থানীয় শিক্ষা কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলোর বিরুদ্ধে মামলা করেছে। আগামী সপ্তাহে ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে ২৯টি অঙ্গরাজ্যের করা আরেকটি গুরুত্বপূর্ণ মামলার মুখোমুখি হবে মেটা, যেখানে ফেসবুক ও ইনস্টাগ্রামকে শিশুদের আসক্ত করার অভিযোগ আনা হয়েছে।
এফ বার্তা/ এইচ



