আন্তর্জাতিক

সন্তান নয়, পোষা প্রাণীকেই বেছে নেবেন ৪০% আমেরিকান: জরিপ

যুক্তরাষ্ট্রে সন্তান নেওয়ার চেয়ে পোষা প্রাণী পালনকে বেশি গুরুত্ব দিচ্ছেন অনেক মানুষ। সম্প্রতি দ্য হ্যারিস পোলের এক জরিপে দেখা গেছে, সন্তান ও পোষা প্রাণীর মধ্যে একটি বেছে নিতে হলে ৪০ শতাংশ আমেরিকান পোষ্যকেই বেছে নেবেন। বিপরীতে, মাত্র ২১ শতাংশ সন্তান নেওয়ার পক্ষে মত দিয়েছেন, আর ৩৯ শতাংশ বলেছেন—সুযোগ থাকলে তারা দুটিই চান।

২ হাজার ৭০ জন প্রাপ্তবয়স্কের ওপর পরিচালিত এই জরিপে দেখা যায়, ৮৩ শতাংশ পোষ্য মালিক তাদের প্রাণীকে নিজের সন্তানের মতোই মনে করেন। বিশেষ করে জেন-জি ও মিলেনিয়ালদের ৫৫ শতাংশ বিশ্বাস করেন, সন্তান ছাড়াও পোষা প্রাণীকে কেন্দ্র করে পরিপূর্ণ জীবন গড়ে তোলা সম্ভব। এমনকি ৫৪ শতাংশ সুযোগ পেলে নিজেদের সম্পত্তিও পোষ্যের নামে উইল করে যেতে চান।

জরিপে অংশগ্রহণকারীরা সন্তানের বদলে পোষ্যকে প্রাধান্য দেওয়ার পেছনে কয়েকটি কারণ তুলে ধরেছেন। এর মধ্যে রয়েছে সন্তান লালন-পালনের উপযুক্ত জীবনদশায় না থাকা (৪৫%), পোষ্যের যত্ন নেওয়া তুলনামূলক সহজ হওয়া (৩৫%), আর্থিক চাপ কম থাকা (৩২%), দায়িত্ব কম হওয়া (২৮%) এবং সন্তান না নেওয়ার ব্যক্তিগত সিদ্ধান্ত (২৪%)।

তবে পোষা প্রাণী পালনের খরচও কম নয়। জেন-জি ও মিলেনিয়ালদের ২৯ শতাংশ জানিয়েছেন, পোষ্যের ব্যয় সামলাতে গিয়ে তারা ঋণের মুখে পড়েছেন। খরচ মেটাতে অনেকেই বাইরে খাওয়া কমিয়ে ঘরে রান্না করছেন, কেনাকাটা কমাচ্ছেন, অতিরিক্ত কাজ করছেন, এমনকি স্বাস্থ্য পরীক্ষা পিছিয়ে দেওয়া বা ছোট বাসায় চলে যাওয়ার মতো সিদ্ধান্তও নিচ্ছেন।

জরিপে আরও দেখা যায়, ৬৯ শতাংশ পোষ্য মালিক চান, তাদের পোষা প্রাণীকে আইনি নির্ভরশীল হিসেবে স্বীকৃতি দেওয়া হোক এবং সন্তানের মতো কর ছাড় ও অন্যান্য সরকারি সুবিধা দেওয়া হোক। পাশাপাশি ৮৬ শতাংশের বিশ্বাস, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) কোনো ভার্চুয়াল পোষ্য কখনোই বাস্তবের পোষা প্রাণীর সঙ্গে মানুষের আবেগপূর্ণ সম্পর্কের বিকল্প হতে পারবে না।

ক্যাটাগরি