সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরছেন জামায়াত আমির, নেপথ্যে যে কারণ

পূর্বনির্ধারিত সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মালয়েশিয়ায় নির্ধারিত কর্মসূচি স্থগিত করে মঙ্গলবারই দেশের উদ্দেশে রওনা হয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে সম্ভাব্য সংলাপের কারণেই তার দেশে ফেরার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বলে জানিয়েছে জামায়াত।
মঙ্গলবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানাতে সমবেত হন বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি।
অস্ট্রেলিয়া সফর শেষে মালয়েশিয়ায় একটি কর্মসূচিতে অংশ নিয়ে আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশে ফেরার কথা ছিল জামায়াত আমিরের। তবে মালয়েশিয়া সফর স্থগিত করে নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরছেন তিনি। এরই মধ্যে সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন।
মঙ্গলবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান লিখেছেন, অস্ট্রেলিয়ায় চার দিনের সফর শেষ করে দেশের পথে রওনা হয়েছেন তিনি। প্রবাসীদের আন্তরিকতায় মুগ্ধ ও অভিভূত হওয়ার কথাও জানান জামায়াত আমির।
তিনি লেখেন, প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশকে গভীর আন্তরিকতায় ধারণ করেন। দেশকে নিয়ে তারা স্বপ্ন দেখেন এবং দেশের জন্য অবদান রাখতে চান। বাংলাদেশেরও দায়িত্ব হলো, তাদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রাপ্য সম্মান দেওয়া।
সফর সংক্ষিপ্ত করার বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, একান্ত প্রয়োজনে মালয়েশিয়ায় এক দিনের সফরটি স্থগিত করেছেন তিনি। নিকট ভবিষ্যতে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাতের আশাও প্রকাশ করেন। এ সময় সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি।
এদিকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে জানান, সফর সংক্ষিপ্ত করে জামায়াত আমিরের দেশে ফেরার অন্যতম কারণ প্রধানমন্ত্রীর সঙ্গে সম্ভাব্য সংলাপ। দল তার দেশে ফেরার প্রয়োজনীয়তা অনুভব করছে বলে জানান তিনি।



