অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তুলতে ৭৪ হাজার আবেদন, চাওয়া হয়েছে ৩৯২৫ কোটি

ছবি: সংগৃহীত

পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি থেকে আমানত ফেরত নিতে এখন পর্যন্ত ৭৪ হাজার ২২১টি আবেদন জমা পড়েছে। এসব আবেদনের মাধ্যমে মোট ৩ হাজার ৯২৫ কোটি টাকা উত্তোলনের আবেদন করা হয়েছে।

ব্যাংক কর্তৃপক্ষ বলছে, তুলনামূলক কমসংখ্যক আমানতকারী টাকা উত্তোলনের আবেদন করায় নবগঠিত ব্যাংকটির প্রতি গ্রাহকদের আস্থা ও বিশ্বাসের বিষয়টি প্রতিফলিত হয়েছে।

ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবেদুর রহমান সিকদার বলেন, আমানত উত্তোলনের জন্য তুলনামূলক কমসংখ্যক আবেদন জমা পড়া ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থার ইঙ্গিত দেয়। একই সঙ্গে আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় ব্যাংকের সক্ষমতার ওপরও তাদের বিশ্বাস প্রতিফলিত হয়েছে।

ব্যাংকের তথ্য অনুযায়ী, আমানত উত্তোলনের আবেদন গ্রহণের প্রথম দিনে ১৮ হাজার ৪৬টি আবেদনে ১ হাজার ৩২৯ কোটি টাকা, দ্বিতীয় দিনে ১৯ হাজার ৬১৩টি আবেদনে ১ হাজার ১৬ কোটি টাকা উত্তোলনের আবেদন করা হয়।

পরবর্তী দুই দিনে যথাক্রমে ২১ হাজার ৮৬টি আবেদনে ৯২৩ কোটি টাকা এবং ১৫ হাজার ৪৭৬টি আবেদনে ৬৫৭ কোটি টাকা উত্তোলনের আবেদন জমা পড়ে। সব মিলিয়ে চার দিনে ৭৪ হাজার ২২১টি আবেদনের বিপরীতে ৩ হাজার ৯২৫ কোটি টাকা উত্তোলনের আবেদন করা হয়েছে।

আবেদুর রহমান সিকদার জানান, যেসব আমানতকারী তাদের অর্থ ব্যাংকে রেখে দেবেন, তারা নিজ নিজ চুক্তিতে নির্ধারিত হারে মুনাফা পাবেন। ব্যাংকের সার্বিক কার্যক্রম স্বাভাবিক হলে প্রচলিত নিয়ম ও বিদ্যমান বিধিবিধান অনুযায়ী আমানতকারীরা মুনাফাসহ যেকোনো পরিমাণ অর্থ জমা ও উত্তোলন করতে পারবেন।

এর আগে, গত ৩১ আগস্ট বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজল্যুশন বিভাগ আমানতকারীদের অর্থ উত্তোলনসংক্রান্ত নির্দেশনা জারি করে। এর পরিপ্রেক্ষিতে পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তিগত হিসাবধারীদের মূল আমানত উত্তোলনের আবেদন গ্রহণ শুরু করে। রোববার (৬ সেপ্টেম্বর) ছিল আবেদন জমা দেওয়ার শেষ দিন।

নবগঠিত ব্যাংকটির আমানত ফেরত দেওয়ার প্রক্রিয়া নিয়ে গ্রাহকদের মধ্যে আগ্রহ থাকলেও এখন পর্যন্ত আবেদনকারীর সংখ্যা মোট আমানতকারীর তুলনায় সীমিত বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

ক্যাটাগরি