রাজনীতি

সাংবাদিকদের নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করা উচিত: আমিনুল হক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, ‘সাংবাদিকদের সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।সাংবাদিকদের উচিত নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ এমন তথ্য উপস্থাপন করা, যা কেউ পছন্দ করুক বা না করুক, তার উপর ভিত্তি করে নয়; তথ্যকে নিরপেক্ষভাবে উপস্থাপন করতে হবে।’

শনিবার (১ নভেম্বর) রাজধানীর এক হোটেলে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ভার্চুয়াল সাংবাদিক ফোরাম ( BNVJF)’ এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএনভিজেএফ-এর আহ্বায়ক কামরুল হাসান বাবলু এবং সঞ্চালনা করেন সদস্য সচিব এবিএম মনিরুজ্জামান।

সাংবাদিকদের উদ্দেশ্যে আমিনুল হক আরো বলেন, আপনারা যেন কারো প্রভাবে বিভ্রান্ত না হন, মিথ্যাকে প্রশ্রয় না দেন। বিএনপি বাকস্বাধীনতায় বিশ্বাসী। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে কোনো সাংবাদিককে তার পেশাগত দায়িত্ব পালনে মামলা বা হামলার শিকার হতে হবে না।

বিএনপির নীতির প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি জনগণের দল। আমরা জনগণের মতামত নিয়েই প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন করি। এদেশের মানুষের উন্নয়ন, কল্যাণ ও স্বাধীনতা রক্ষাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য’।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমালোচনা করে আমিনুল হক বলেন, ‘আজকে জামায়াতে ইসলামী দল বিভিন্ন জায়গায় প্রচারণা চালাচ্ছে- আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবাইকে দেখেছেন, এবার আমাদের দেখেন। কিন্তু আমরা তাদের আগেই দেখেছি। যারা জান্নাতের টিকিট বিক্রি করছে, সে সংগঠনের কথায় বিশ্বাস করলে ঈমান নষ্ট হয়ে যাবে। ইসলাম এমন প্রতারণা অনুমোদন করে না’।

তিনি বলেন, ‘১৯৭১ সালে যারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছে। যারা আমাদের মা–বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে, বুদ্ধিজীবীদের হত্যা করেছে, মুক্তিযোদ্ধাদের ধরে পাক হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে- তাদের আমরা তখনই চিনেছি। এখন নতুন করে তাদের দেখার কিছু নেই’।

আমিনুল হক আরও বলেন, ‘আমরা বাংলাদেশি, আমাদের ৯৫ শতাংশ মানুষ মুসলমান, আমরা ধর্মভীরু জাতি। ধর্মীয় স্বাধীনতাকে আমরা সর্বোচ্চ মর্যাদা দিয়ে রাজনীতি করি। কিন্তু আজ একটি সংগঠন প্রতিনিয়ত আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে- AI প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা ছবি, ভিডিও বানিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে।’

তিনি বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে ৩১ দফার কর্মপরিকল্পনা দিয়েছেন, আমরা সেই নির্দেশনা অনুযায়ী জনগণের সঙ্গে একযোগে কাজ করে যাচ্ছি।’

বাংলাদেশ জাতীয়তাবাদী ভার্চুয়াল সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগূন, যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, যুগ্ম আহ্বায়ক এমএ কফিল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মোঃ আফাজ উদ্দিন, দপ্তরের দায়িত্বে এ বি এম রাজ্জাক ও অন্যান্য নেতৃবৃন্দ।

ক্যাটাগরি