সাড়ে পাঁচ মাস পর হুইলচেয়ারে সংসদে মির্জা আব্বাস, আবেগঘন বক্তব্য

প্রায় সাড়ে পাঁচ মাস পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) হুইলচেয়ারে করে জাতীয় সংসদে যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। চিকিৎসা এখনো শেষ না হওয়ায় সংসদে নিজের আসনে যেতে না পারলেও সহকর্মীদের ভালোবাসায় চিকিৎসার মাঝপথে সংসদে আসার কথা জানিয়েছেন তিনি।
সংসদে দেওয়া আবেগঘন বক্তব্যে মির্জা আব্বাস বলেন, নির্বাচনের পরপরই গুরুতর স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা নিয়েছেন। বর্তমানে তিনি পুনর্বাসন চিকিৎসার (রিহ্যাব) মধ্যে রয়েছেন। শারীরিক অসুস্থতার কারণে এতদিন সংসদের অধিবেশনে নিয়মিত উপস্থিত হতে পারেননি।
তিনি বলেন, প্রায় দুই দশক পর আবার জাতীয় সংসদে সংসদ সদস্য হিসেবে কথা বলতে পারা তাঁর জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের মুহূর্ত। অসুস্থতার সময়ে যারা দোয়া করেছেন, খোঁজ নিয়েছেন ও পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সিঙ্গাপুরে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেওয়ায় বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন মির্জা আব্বাস। তিনি বলেন, স্পিকারের এই মানবিক আচরণ তাঁকে গভীরভাবে স্পর্শ করেছে।
সংসদে ফিরে মির্জা আব্বাস বলেন, রাজনীতি শুধু মতপার্থক্যের বিষয় নয়; রাজনীতি মানুষের জন্য। তিনি বলেন, ‘আমি ফিরে এসেছি মানুষের কাছে, মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করার জন্য।’ দেশের ও নির্বাচনী এলাকার মানুষের জন্য নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করতে সবার দোয়া চান তিনি।
ফিন্যান্সিয়াল বার্তা/এইচ



