সিরাজগঞ্জে সয়াবিন-সোডা দিয়ে তৈরি হচ্ছে খাঁটি ভেজাল দুধ

পুষ্টির চাহিদা মেটাতে প্রতিদিন যে গরুর দুধ পান করছেন, তা কি সত্যিই খাঁটি? নাকি অজান্তেই শরীরে প্রবেশ করছে রাসায়নিক মিশ্রিত নকল দুধ? সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভয়ংকর এক প্রতারণার চিত্র উঠে এসেছে, যেখানে সোডা, সয়াবিন তেল, চিনি, লবণ ও পানি দিয়ে তৈরি করা হচ্ছে কৃত্রিম দুধ।
শুধু তাই নয়, দুধকে আসল বলে বিশ্বাসযোগ্য করে তুলতে এতে মেশানো হচ্ছে বিভিন্ন রাসায়নিক উপাদান, বাড়ানো হচ্ছে ফ্যাটের মাত্রাও। কম দামে উৎপাদিত এই ভেজাল দুধ যোগসাজশের মাধ্যমে পৌঁছে যাচ্ছে নামি-দামি দুগ্ধজাত কোম্পানি, কারখানা ও মিষ্টির দোকানে। ফলে প্রতিদিনই স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ছেন অসংখ্য ভোক্তা।
অনুসন্ধানে জানা গেছে, সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মানুষের অন্যতম অপরিহার্য্য এই দুধ সোডা, সয়াবিন, চিনি, লবণ ও কেমিকেল দিয়ে গোপনে বানাচ্ছে অসাধু চক্র। সামান্য গরুর দুধের সঙ্গে প্রথমেই সয়াবিন তেল, সোডা, লবন পানি মিশিয়ে ব্লেন্ড করলেই হয়ে গেলো মুখরোচক গরুর দুধ। আবার নকল এই দুধ পরীক্ষাও করছেন চক্রটি। যেন ফ্যাটের ঘাটতি না থাকে। সেজন্য মেশানো হচ্ছে চিনি ও বিশেষ রাষায়নিক। এরপর ব্লেন্ড করলেই হয়ে গেল তথাকথিত খাটি নকল দুধ। যা খালি চোখে কারও বোঝার উপায় নেই।
শুধু তাই নয়, ওই চক্রের বানানো নকল এই দুধ নাকি পরীক্ষায়ও সহজে সনাক্ত করা যায় না। দেশে দুধ উৎপাদনের অন্যতম কেন্দ্র খ্যাত সিরাজগঞ্জে গোপনেই মণকে মণ নকল দুধ বানাচ্ছে প্রতারকচক্র। এসব দুধ যোগসাজশে বিভিন্ন কারখানায় সরবরাহেরও অভিযোগ রয়েছে। এছাড়া এই নকল দুধ সিরাজগঞ্জের খোলা বাজারে বিক্রি হচ্ছে দুধের হাটে।
নাম প্রকাশ না করার শর্তে ভেজাল চক্রের এক সদস্য জানান, সাধারণ পরীক্ষায় যাতে ধরা না পড়ে সেজন্য তাদের পক্ষ থেকে নেয়া হয় ব্যবস্থা। রাসায়নিক মিশিয়ে ফ্যাটের মাত্রা স্বাভাবিক রাখা হয়। যে কারণে স্বাভাবিক পরীক্ষায়ও তা খাঁটি দুধের মতো দেখায়।
সিরাজগঞ্জের খামারিদের অভিযোগ, বাজারে ভেজাল দুধ ছড়িয়ে পড়ায় ন্যায্যমূল্য পাচ্ছেন না আসল খামারিরা। সিন্ডিকেটচক্র দুধে ভেজাল মেশানোয় বাড়ছে স্বাস্থ্যঝুঁকিও।
উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমকর্তা ডাক্তার মনোয়ার হোসেন বলেন, ‘সোডা, লবণ ও তেল মিশ্রিত দুধ দীর্ঘমেয়াদে কিডনি, লিভার ও হজমজনিত জটিলতা তৈরি করতে পারে।’
এদিকে, ভেজাল চক্রের বিরুদ্ধে খুব শিগগিরই ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম। সূত্র: দেশ টিভি




