আন্তর্জাতিক

১১৭তম জন্মদিনে বিশ্বের প্রবীণতম জীবিত ব্যক্তি ইথেল ক্যাটারহাম

১১৬তম জন্মদিনের পর ইথেল ক্যাটারহামকে দেখতে এসেছিলেন রাজা তৃতীয় চার্লস। ছবি: বিবিসি

বিশ্বের প্রবীণতম জীবিত ব্যক্তি ইথেল ক্যাটারহাম শুক্রবার ১১৭তম জন্মদিন উদযাপন করেছেন। যুক্তরাজ্যের সারের লাইটওয়াটারের হলমার্ক লেকভিউ কেয়ার হোমে পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে আনন্দঘন পরিবেশে জন্মদিন পালন করেন তিনি।

২০২৫ সালের এপ্রিলে ১১৬ বছর বয়সে ব্রাজিলিয়ান নান সিস্টার ইনা কানাবারো লুকাসের মৃত্যুর পর বিশ্বের সবচেয়ে প্রবীণ জীবিত ব্যক্তির স্বীকৃতি পান ইথেল। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ১৯০৯ সালে জন্ম নেওয়া ইথেল দুটি বিশ্বযুদ্ধের সময়কাল প্রত্যক্ষ করেছেন। ২০২০ সালে ১১০ বছর বয়সে কোভিড-১৯ আক্রান্ত হলেও তিনি সুস্থ হয়ে ওঠেন।

যুক্তরাজ্যের হ্যাম্পশায়ারের শিপটন বেলিনজারে আট ভাইবোনের মধ্যে সপ্তম সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন ইথেল। মাত্র ১৯ বছর বয়সে ১৯২৭ সালে ভারতে যান এবং একটি সামরিক পরিবারে গৃহকর্মী ও শিশু যত্নকারী হিসেবে কাজ শুরু করেন। পরে ১৯৩১ সালে ব্রিটেনে এক নৈশভোজে ব্রিটিশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল নরম্যান ক্যাটারহামের সঙ্গে তার পরিচয় হয় এবং তারা বিয়ে করেন। তাদের দুই কন্যাসন্তান ছিল। স্বামী নরম্যান ১৯৭৬ সালে মারা যান।

ইথেল দীর্ঘদিন নিজেই গাড়ি চালাতেন। ৯৭ বছর বয়স পর্যন্ত গাড়ি চালানোর পর তা ছেড়ে দেন। গত বছর তার ১১৬তম জন্মদিনের পর ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস তার সঙ্গে দেখা করেন। সাক্ষাতের সময় চার্লসের তরুণ বয়সের স্মৃতি তুলে ধরে রসিকতাও করেছিলেন ইথেল।

তবে বিশ্বের ইতিহাসে সবচেয়ে দীর্ঘজীবী মানুষের রেকর্ড এখনও ফরাসি নারী জ্যাঁ ক্যালমাঁর দখলে। তিনি ১৯৯৭ সালে ১২২ বছর ১৬৪ দিন বয়সে মারা যান।

সূত্র: বিবিসি

ফিনান্সিয়াল বার্তা/এইচ

ক্যাটাগরি