ব্যাংক বীমা

৮০০ কোটি টাকায় ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংক পিএলসি রাজধানীর হাতিরঝিল-সংলগ্ন তেজগাঁওয়ে বেঙ্গল গ্রুপের মালিকানাধীন নির্মাণাধীন ‘সুইস টাওয়ার’ ভবনটি ৮০০ কোটি টাকায় কেনার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত তথ্য থেকে বিষয়টি জানা গেছে।

ডিএসইতে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত বুধবার অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় প্রায় ৫৮ কাঠা জমির ওপর নির্মাণাধীন ২৭ তলা ভবনটি কেনার সিদ্ধান্ত অনুমোদন করা হয়। তবে এ সিদ্ধান্ত কার্যকর হবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পাওয়ার পর।

তিনটি বেজমেন্টসহ ২৭ তলা বিশিষ্ট ভবনটি তেজগাঁও লিংক রোড হয়ে গুলশান-১-এর প্রবেশপথে অবস্থিত। ভবনটি অধিগ্রহণ সম্পন্ন হলে পূবালী ব্যাংক তাদের প্রধান কার্যালয় বর্তমান মতিঝিল অফিস থেকে সেখানে স্থানান্তর করবে।

জানা গেছে, ভবনটি মূলত আন্তর্জাতিক চেইন হোটেল সুইসটেল হিসেবে নির্মাণের পরিকল্পনা ছিল। তবে আর্থিক সংকট এবং ঋণের চাপ কমাতে ভবনটি বিক্রির উদ্যোগ নিয়েছে বেঙ্গল গ্রুপ।

পূবালী ব্যাংক জানিয়েছে, বর্তমান প্রধান কার্যালয়ে পর্যাপ্ত জায়গার অভাব থাকায় দীর্ঘদিন ধরে নতুন সদর দপ্তরের জন্য উপযুক্ত ভবনের খোঁজ চলছিল। ব্যাংকটির প্রধান আর্থিক কর্মকর্তা মোহাম্মদ লিটন মিয়া বলেন, প্রয়োজনীয় অবকাঠামো ও দীর্ঘমেয়াদি ব্যবসায়িক পরিকল্পনা বিবেচনায় সুইস টাওয়ার কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশের অন্যতম শীর্ষ বেসরকারি ব্যাংক পূবালী ব্যাংক ২০২৫ সালে প্রথমবারের মতো কর-পরবর্তী মুনাফায় ১ হাজার কোটি টাকার মাইলফলক অতিক্রম করে। একই সঙ্গে চলতি মাসের শুরুতে ব্যাংকটির মোট আমানত ১ লাখ কোটি টাকা ছাড়িয়েছে।

ক্যাটাগরি