আন্তর্জাতিক

২৫০ দিনের বেশি সমুদ্রে, সংকটে রণতরীতে থাকা মার্কিন সেনারা

মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের সামরিক মিশনে সমুদ্রে টানা ২৫০ দিনের বেশি সময় কাটাতে গিয়ে তীব্র মানবিক ও মানসিক সংকটে পড়েছেন মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এর নাবিকরা। পর্যাপ্ত খাবার ও সুপেয় পানির ঘাটতি, বিকল টয়লেট ও প্লাম্বিং, অপরিচ্ছন্ন পরিবেশ এবং দীর্ঘদিন পরিবার থেকে বিচ্ছিন্ন থাকার কারণে জাহাজটিতে পরিস্থিতি গুরুতর হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে।

সামরিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ মিশনের কারণে কয়েকজন নাবিকের মানসিক অবস্থার অবনতি হয়েছে। চলতি মাসের শুরুতে এক নাবিক জাহাজ থেকে সমুদ্রে ঝাঁপ দেন। পরে হেলিকপ্টারের মাধ্যমে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হয়।

নাবিকদের স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তীরে নামার সুযোগ না পাওয়া, পর্যাপ্ত বিশ্রামের অভাব, লন্ড্রি ব্যবস্থার সংকট এবং তাজা খাবারের ঘাটতি তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলছে। এক নাবিকের স্বজনের দাবি, মিশনে যোগ দেওয়ার পর ওই নাবিক প্রায় ২৯ কেজি ওজন হারিয়েছেন।

আইনপ্রণেতাদের উদ্বেগ

নাবিকদের দুরবস্থার অভিযোগ সামনে আসার পর পেন্টাগনের কাছে জবাবদিহি দাবি করেছেন মার্কিন কয়েকজন আইনপ্রণেতা।

কানেকটিকাটের ডেমোক্রেট সিনেটর রিচার্ড ব্লুমেনথাল মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে পাঠানো চিঠিতে পানি, খাবার, প্লাম্বিং, নিরাপত্তা এবং প্রয়োজনীয় সামগ্রীর ঘাটতির অভিযোগ তুলে পরিস্থিতি তদন্তের দাবি জানিয়েছেন।

ক্যালিফোর্নিয়ার কংগ্রেস সদস্য মাইক লেভিনও জাহাজটির পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর দাবি, কিছু নাবিককে ছত্রাকযুক্ত গোসলখানা, অচল টয়লেট এবং খাবারের সংকটের মধ্যে থাকতে হচ্ছে। সাবান, টুথপেস্ট ও ডিওডোরেন্টের মতো দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রীর ঘাটতির অভিযোগও উঠেছে।

আইনপ্রণেতারা পরিস্থিতি সরেজমিনে যাচাই করতে একটি নিরপেক্ষ প্রতিনিধি দলকে রণতরীটি পরিদর্শনের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন।

অভিযোগ অস্বীকার পেন্টাগনের

তবে নাবিকদের দুরবস্থার এসব অভিযোগ অস্বীকার করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোকে অসত্য ও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন।

হেগসেথ বলেন, প্রতিটি রণতরী ও নাবিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। দীর্ঘ মিশনের কারণে প্রতিকূল পরিস্থিতি তৈরি হলেও প্রয়োজনীয় সরঞ্জাম ও সহায়তা নাবিকদের কাছে পৌঁছানো হচ্ছে।

মার্কিন নৌবাহিনীও জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান সামরিক অভিযানের কারণে সরবরাহ ব্যবস্থায় কিছুটা সমস্যা হলেও রসদ ও চিকিৎসা সামগ্রী সরবরাহকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। হোয়াইট হাউজের পক্ষ থেকেও বলা হয়েছে, সামরিক বাহিনীকে সম্ভাব্য হুমকি মোকাবিলার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়া হচ্ছে।

কেন এত দীর্ঘ মিশনে আব্রাহাম লিংকন

ক্যালিফোর্নিয়া থেকে যাত্রা করা ইউএসএস আব্রাহাম লিংকন দক্ষিণ চীন সাগর হয়ে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়। চলতি বছরের মে মাসে এর মিশন শেষ হওয়ার কথা থাকলেও পরে কয়েক দফা মেয়াদ বাড়ানো হয়।

দীর্ঘ সময় সমুদ্রে অবস্থানের কারণে নাবিকদের ওপর চাপ আরও বাড়ছে বলে অভিযোগ উঠেছে। পরিস্থিতির মধ্যে আব্রাহাম লিংকনের দায়িত্ব নেওয়ার জন্য ‘ইউএসএস জর্জ ওয়াশিংটন’ রণতরী প্রস্তুত করা হচ্ছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

দীর্ঘদিনের মিশন, পরিবার থেকে বিচ্ছিন্নতা এবং যুদ্ধকালীন চাপ মার্কিন নৌবাহিনীর নাবিকদের মানসিক স্বাস্থ্যের ওপর কী ধরনের প্রভাব ফেলছে, তা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সূত্র: বিবিসি

এফ বার্তা /এইচ

ক্যাটাগরি