আইসিসিবিতে সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার ‘সুপার সেল কার বাজার’

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আগামী ৪ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার বসবে ‘সুপার সেল কার বাজার’। দেশের অটোমোবাইল খাতে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানো এবং গাড়ি কেনাবেচার জন্য একটি নিয়মিত ও আধুনিক মার্কেটপ্লেস তৈরি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
আয়োজক উইজার্ড শোবিজ ও ভেন্যু পার্টনার আইসিসিবির উদ্যোগে আয়োজিত এ বাজারে দেশের বিভিন্ন গাড়ি ও মোটরসাইকেল ব্র্যান্ড, ডিলার, আর্থিক প্রতিষ্ঠান এবং অটোমোবাইল-সংশ্লিষ্ট সেবাদাতা প্রতিষ্ঠান অংশ নেবে।
আয়োজকেরা জানান, ‘সুপার সেল কার বাজারে’ নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি-মোটরসাইকেল কেনাবেচার পাশাপাশি বিভিন্ন আর্থিক ও আনুষঙ্গিক সেবা সম্পর্কে জানার সুযোগ পাবেন ক্রেতারা। একই জায়গায় বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের যানবাহন দেখার ও তুলনা করার সুযোগ থাকায় ক্রেতাদের সিদ্ধান্ত নেওয়াও সহজ হবে।
এ ছাড়া ব্যক্তিমালিকানাধীন গাড়ি ও মোটরসাইকেল বিশেষ ছাড়ে কেনাবেচার সুযোগ থাকবে। অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠানগুলো গাড়ি কেনার জন্য ঋণ ও অন্যান্য সুবিধা সম্পর্কেও তথ্য দেবে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দেশে অটোমোবাইলের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতা-বিক্রেতাদের জন্য একটি সুশৃঙ্খল ও নির্ভরযোগ্য মার্কেটপ্লেসের প্রয়োজন তৈরি হয়েছে। একই প্ল্যাটফর্মে গাড়ি বিক্রেতা, ক্রেতা ও আর্থিক সেবাদাতাদের নিয়ে আসার মাধ্যমে এই আয়োজন অটোমোবাইল খাতে ব্যবসায়িক যোগাযোগ ও লেনদেন আরও সহজ করতে পারে।
আয়োজকদের আশা, প্রতি শুক্রবারের নিয়মিত এ বাজার দেশের অটোমোবাইল খাতে নতুন ব্যবসায়িক সুযোগ তৈরি করার পাশাপাশি ক্রেতাদের জন্য গাড়ি কেনার প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করবে।




