চিকিৎসকদের ‘ম্যাডাম-স্যার’ না বললে ভোগান্তির অভিযোগ, নির্দেশনা অপসারণের আশ্বাস

কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের ‘ম্যাডাম-স্যার’ সম্বোধন না করলে রোগীদের ভোগান্তিতে পড়তে হয় বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে রোগী ও স্বজনদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।
অভিযোগের মধ্যে হাসপাতালের জরুরি বিভাগের দরজায় চিকিৎসকদের নির্দিষ্টভাবে ‘ম্যাডাম-স্যার’ সম্বোধনের নির্দেশনাও পাওয়া গেছে। সেখানে লেখা রয়েছে, ‘কোনো মহিলা ডাক্তারকে ম্যাডাম-স্যার ছাড়া অন্য কিছু ডাকবেন না।’
রোগী ও স্বজনদের অভিযোগ, নির্দেশনাটি অমান্য করে চিকিৎসকদের ‘ভাই’ বা ‘আপা’ বলে সম্বোধন করলে তারা অসন্তুষ্ট হন এবং এতে চিকিৎসাসেবা পেতে নানা ধরনের ভোগান্তির মুখে পড়তে হয়।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা জুলেখা বেগম বলেন, গ্রামের মানুষ হিসেবে তারা সাধারণত পুরুষদের ‘ভাই’ এবং নারীদের ‘আপা’ বলে সম্বোধন করতে অভ্যস্ত। চিকিৎসকদেরও একইভাবে সম্বোধন করা হয়, এতে অসম্মান করার কোনো উদ্দেশ্য থাকে না।
স্থানীয় রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, আঞ্চলিক ভাষা ও সামাজিকভাবে প্রচলিত সম্বোধনের কারণেই অনেকে চিকিৎসকদের ‘ভাই-আপা’ বলে ডাকেন। তাদের মতে, রোগীদের সঙ্গে চিকিৎসকদের পারস্পরিক সম্মান বজায় রেখে বন্ধুত্বপূর্ণ ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করাই গুরুত্বপূর্ণ।
এ বিষয়ে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা (টিএইচও) ডা. আবুল কালাম আজাদ বলেন, রোগীদের চিকিৎসকদের ‘ম্যাডাম-স্যার’ বলতেই হবে—এমন কোনো বাধ্যবাধকতা নেই। জরুরি বিভাগের দরজায় এমন একটি নির্দেশনা টানানো হয়েছে বলে তিনি অবগত হয়েছেন।
তিনি জানান, নির্দেশনাটি তার অনুমোদিত নয় এবং দ্রুত সময়ের মধ্যে এটি অপসারণ করা হবে।




