ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে কনসার্ট বাতিল, এমপির মধ্যস্থতায় সমঝোতা

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ উপলক্ষে কনসার্ট আয়োজন নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের আপত্তির পর তৈরি হওয়া জটিলতার অবসান হয়েছে। স্থানীয় সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামলের মধ্যস্থতায় উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে।
শনিবার রাতে সংসদ সদস্যের বাসায় কলেজ কর্তৃপক্ষ, ছাত্রদল ও কওমি ছাত্র ঐক্য পরিষদের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সমঝোতা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, কলেজের মূল ক্যাম্পাসে নবীনবরণ ও আলোচনা সভা হবে। আর কনসার্টের পরিবর্তে দক্ষিণ ক্যাম্পাসে ছোট পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।
কলেজের নবীনবরণ উপলক্ষে সোমবার মূল ক্যাম্পাসে নবীনবরণ, বৃক্ষরোপণ ও কনসার্ট আয়োজনের কথা ছিল। তবে কনসার্টের আপত্তি জানিয়ে শুক্রবার সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় কওমি ছাত্র ঐক্য পরিষদ।
এর পরিপ্রেক্ষিতে শনিবার রাতে দুই পক্ষকে নিয়ে বৈঠকে বসেন সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামল। বৈঠকে কওমি ছাত্র ঐক্য পরিষদের সদস্য আব্দুল খালেকের নেতৃত্বে ৭-৮ জন এবং কলেজ ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়ার নেতৃত্বে সংগঠনের নেতারা অংশ নেন।
কওমি ছাত্র ঐক্য পরিষদের সদস্য আব্দুল খালেক বলেন, সরকারি কলেজের মূল মাঠে কোনো কনসার্ট বা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না। তবে দক্ষিণ ক্যাম্পাসে ‘অশ্লীলতা হবে না’—এমন শর্তে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের বিষয়ে তারা একমত হয়েছেন।
কলেজ ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া বলেন, আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান হয়েছে। মূল ক্যাম্পাসে নবীনবরণ ও আলোচনা সভা এবং দক্ষিণ ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ মোশারফ হোসাইন বলেন, দক্ষিণ ক্যাম্পাসে ছোট পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। মূল ক্যাম্পাসের পাশেই একই সময়ে প্রধানমন্ত্রীর গোল্ডকাপের খেলা থাকায় সাংস্কৃতিক অনুষ্ঠানটি দক্ষিণ ক্যাম্পাসে সরিয়ে নেওয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, কলেজের লোকজন ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে আলোচনা করে একটি সমঝোতায় পৌঁছানো হয়েছে।
বৈঠকের পর কওমি ছাত্র ঐক্য পরিষদের ফেসবুক পেজে জানানো হয়, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের মূল মাঠে কোনো ধরনের কনসার্ট হবে না। সেখানে শুধু নবীনবরণ অনুষ্ঠান হবে। পাশাপাশি বৃক্ষরোপণসহ অন্যান্য সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রম চালু থাকবে।
এদিকে শনিবার কলেজ ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, মূল ক্যাম্পাসে নবীনবরণ অনুষ্ঠানের জন্য বড় প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। দক্ষিণ ক্যাম্পাসেও একটি মঞ্চ নির্মাণের কাজ চলছিল।



