জার্মানিতে সাড়ে ৬ লাখ চাকরির সুযোগ, ‘অপরচুনিটি কার্ডে’ মিলবে নতুন পথ

বিদেশে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য বড় সুযোগের কথা জানিয়েছেন ওয়াই-অ্যাক্সিসের পরিচালক ক্লিন্ট খান। তার তথ্য অনুযায়ী, জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য প্রায় সাড়ে ৬ লাখ শূন্যপদ রয়েছে। ইউরোপীয় ইউনিয়নজুড়ে দক্ষ কর্মীর যে চাহিদা রয়েছে, তার প্রায় এক-চতুর্থাংশই জার্মানিতে।
দুবাইয়ে আয়োজিত এক বিশেষ সম্মেলনে ক্লিন্ট খান জার্মানির শ্রমবাজার ও বিদেশি দক্ষ কর্মীদের জন্য বিদ্যমান সুযোগ নিয়ে এসব তথ্য জানান। খবর গালফ নিউজের।
জার্মানিতে কাজের সুযোগ পাওয়ার অন্যতম পথ হিসেবে তিনি দেশটির ‘অপরচুনিটি কার্ড’ ব্যবস্থার কথা তুলে ধরেন। ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশের যোগ্য ব্যক্তিরা এই কার্ডের মাধ্যমে আগে থেকেই চাকরি নিশ্চিত না করেও জার্মানিতে যাওয়ার সুযোগ পান।
অপরচুনিটি কার্ডের মাধ্যমে জার্মানিতে গিয়ে চাকরি খোঁজার জন্য সর্বোচ্চ এক বছর সময় পাওয়া যায়। অর্থাৎ, নিজ দেশে থেকেই কোনো প্রতিষ্ঠানের চাকরির অফার নিশ্চিত করার বাধ্যবাধকতা নেই।
কার্ড পাওয়ার পর জার্মানিতে অবস্থান করে সম্ভাব্য নিয়োগদাতাদের সঙ্গে যোগাযোগ এবং চাকরির সুযোগ খোঁজা যায়। এ সময় নির্দিষ্ট শর্তের আওতায় খণ্ডকালীন কাজ করার সুযোগও থাকে।
পরবর্তীতে নিজের যোগ্যতা অনুযায়ী স্থায়ী চাকরি পাওয়া গেলে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান স্পন্সর করতে রাজি হলে জার্মানির নিয়ম অনুযায়ী ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করার সুযোগ তৈরি হয়। এর মাধ্যমে দেশটিতে দীর্ঘমেয়াদে কাজ ও বসবাসের পথও উন্মুক্ত হতে পারে।
জার্মানির শ্রমবাজারে বিভিন্ন খাতে দক্ষ কর্মীর চাহিদা রয়েছে। দেশটির জনসংখ্যাগত পরিবর্তন ও শ্রমশক্তির ঘাটতির কারণে বিদেশি দক্ষ কর্মীদের জন্য বিভিন্ন ধরনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে।
বিশেষ করে যেসব পেশাজীবীর প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, কারিগরি দক্ষতা ও ভাষাগত সক্ষমতা রয়েছে, তাদের জন্য জার্মানির শ্রমবাজারে সুযোগ তৈরি হতে পারে।
তবে অপরচুনিটি কার্ড পাওয়া মানেই চাকরি নিশ্চিত হওয়া নয়। আবেদনকারীর যোগ্যতা, পেশাগত দক্ষতা, ভাষাজ্ঞান, আর্থিক সক্ষমতা এবং জার্মানির সংশ্লিষ্ট অভিবাসন নীতির শর্ত পূরণ করতে হয়।
ফলে জার্মানিতে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য অপরচুনিটি কার্ড একটি সম্ভাব্য প্রবেশপথ, যার মাধ্যমে আগে চাকরি নিশ্চিত না করেও দেশটিতে গিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে কর্মসংস্থানের সুযোগ খোঁজা যায়।
ফিনান্সিয়াল বার্তা/ এইচ



