টেলিক্যাশের বাণিজ্যিক যাত্রা শুরু, ডিজিটাল আর্থিক সেবায় নতুন উদ্যোগ

দেশে আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণ এবং ক্যাশলেস বা নগদবিহীন ডিজিটাল অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য নিয়ে বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান ‘টেলিক্যাশ লিমিটেড’। প্রতিষ্ঠানটি সাউথইস্ট ব্যাংক পিএলসির অঙ্গপ্রতিষ্ঠান।
গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে বাণিজ্যিকভাবে সেবা পরিচালনার চূড়ান্ত অনুমোদন পায় টেলিক্যাশ। এ উপলক্ষে ২৯ সেপ্টেম্বর ঢাকায় সাউথইস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংক পিএলসির চেয়ারম্যান, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এম. এ. কাশেম। বিশেষ অতিথি ছিলেন টেলিক্যাশ লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ।
এ ছাড়া অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. খালিদ মাহমুদ খান, টেলিক্যাশের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম. মনিরুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এম. এ. কাশেম বলেন, বাংলাদেশে আর্থিক অন্তর্ভুক্তি জোরদার এবং ডিজিটাল আর্থিক সেবাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে টেলিক্যাশের যাত্রা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মূল ব্যাংক হিসেবে সাউথইস্ট ব্যাংক টেলিক্যাশকে প্রয়োজনীয় কৌশলগত সহায়তা ও দিকনির্দেশনা দেবে, যাতে সাধারণ মানুষের কাছে নিরাপদ, সহজ ও উদ্ভাবনী আর্থিক সেবা পৌঁছে দেওয়া যায়।
টেলিক্যাশের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ বলেন, টেলিক্যাশের আনুষ্ঠানিক যাত্রা দেশের ডিজিটাল আর্থিক সেবা সম্প্রসারণে তাদের অঙ্গীকারের গুরুত্বপূর্ণ মাইলফলক। সাউথইস্ট ব্যাংকের অভিজ্ঞতা ও সহযোগিতাকে কাজে লাগিয়ে নিরাপদ, নির্ভরযোগ্য ও গ্রাহককেন্দ্রিক এমএফএস প্ল্যাটফর্ম তৈরি করার লক্ষ্য রয়েছে তাদের।
তিনি বলেন, দেশের ডিজিটাল অর্থনীতির টেকসই প্রবৃদ্ধিতে টেলিক্যাশ কার্যকর ভূমিকা রাখতে চায়।
অনুষ্ঠানে টেলিক্যাশের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম. মনিরুল ইসলাম প্রতিষ্ঠানের ব্যবসায়িক কৌশল ও ভবিষ্যৎ লক্ষ্য তুলে ধরেন। তিনি বলেন, টেলিক্যাশ শুধু বাজারে আরেকটি এমএফএস ব্র্যান্ড হিসেবে কাজ করতে চায় না; বরং প্রযুক্তিগত উৎকর্ষ, ঝুঁকি-সচেতন পরিচালনা ও সুশাসনের সমন্বয়ে একটি আস্থাশীল ডিজিটাল আর্থিক প্ল্যাটফর্ম গড়ে তুলতে চায়।
তিনি আরও বলেন, ‘নিরাপদ লেনদেন নিমিষেই’—এই অঙ্গীকারকে সামনে রেখে বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল লেনদেনকে আরও সহজ ও সাশ্রয়ী করা টেলিক্যাশের অন্যতম প্রধান লক্ষ্য।
সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. খালিদ মাহমুদ খান ব্যাংকের প্রাতিষ্ঠানিক সক্ষমতা কাজে লাগিয়ে একটি শক্তিশালী ডিজিটাল আর্থিক ইকোসিস্টেম গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষপর্যায়ে বাংলাদেশ ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ব্যবসায়িক সহযোগী এবং সংশ্লিষ্ট সব অংশীজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে ডিজিটাল ও ক্যাশলেস বাংলাদেশ গড়ার প্রত্যয়ে টেলিক্যাশের নতুন যাত্রার ঘোষণা দেওয়া হয়।
ফিনান্সিয়াল বার্তা/ এইচ



