শিল্প-সাহিত্য

‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএলে তালা, দুই কর্মীকে ফাঁড়িতে নেওয়ার অভিযোগ

ছবি: সংগৃহীত

শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে রাজধানীর বাংলাবাজারে ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) বিক্রয়কেন্দ্রে তালা দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিক্রয়কেন্দ্রের দুই কর্মীকে ফরিদাবাদ পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। পরে পুলিশের মধ্যস্থতায় তাঁদের ছেড়ে দেওয়া হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। ইউপিএল ও পুলিশ সূত্রে জানা গেছে, দুই যুবক বইটি কিনতে বিক্রয়কেন্দ্রে গেলে কর্মীরা তাঁদের বইটি দেখান। এরপর তাঁরা বইটি বিক্রি নিয়ে আপত্তি তুলে এটিকে ‘নিষিদ্ধ’ দাবি করেন। একপর্যায়ে আশপাশের আরও লোকজন জড়ো করে বিক্রয়কেন্দ্রের শাটার নামিয়ে তালা দেওয়া হয়।

এ সময় বিক্রয়কেন্দ্রের দুই কর্মী আমিনুল ইসলাম ও হুমায়ূন কবীরকে নিয়ে যাওয়া হয় বলে ইউপিএল জানিয়েছে। পরে তাঁদের ফরিদাবাদ পুলিশ ফাঁড়িতে নেওয়া হয় এবং সেখান থেকেই ছেড়ে দেওয়া হয়।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, দুই কর্মীকে থানায় নেওয়া হয়নি; তাঁদের ফরিদাবাদ পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছিল। পরে সেখান থেকেই তাঁদের ছেড়ে দেওয়া হয়। তাঁর ভাষ্য, ‘অসমাপ্ত আত্মজীবনী’ ২০২৪ সালের পর আর ছাপানো হয়নি। বইটি আর বিক্রি না করার শর্তে দুই কর্মীকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি।

ঘটনার পর এক বিবৃতিতে ইউপিএল জানিয়েছে, অভিযোগকারীদের জানানো হয়েছিল যে ‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ নয়। কোনো বই নিষিদ্ধ করতে হলে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট সবাইকে জানাতে হয় এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে হয়। এ বইয়ের ক্ষেত্রে সরকার বা আদালতের পক্ষ থেকে এমন কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তারা জানে না।

প্রকাশনা সংস্থাটি আরও জানিয়েছে, সরকার বা আদালতের পক্ষ থেকে আইন অনুযায়ী কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তারা সে অনুযায়ী ব্যবস্থা নেবে। তবে আইনগত প্রক্রিয়া ছাড়া কোনো বইয়ের প্রকাশনা বা বিক্রি বন্ধ করার উদ্যোগের বিষয়ে তারা আপত্তি জানিয়েছে।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে দুই যুবক বাংলাবাজারের ইউপিএল বিক্রয়কেন্দ্রে যান। তাঁরা ‘অসমাপ্ত আত্মজীবনী’ কিনতে চাইলে কর্মীরা বইটি বের করে দেন। এরপর বইটি বিক্রি করা নিয়ে তাঁরা আপত্তি তোলেন এবং বইটি নিষিদ্ধ বলে দাবি করেন।

পরে তাঁরা আশপাশের লোকজনকে জড়ো করেন। একপর্যায়ে বিক্রয়কেন্দ্রের শাটার নামিয়ে তালা দেওয়া হয় এবং দুই কর্মীকে আটক করে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। পরে পুলিশ ফাঁড়িতে দুই পক্ষের মধ্যে বিষয়টির মীমাংসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে।

ঘটনাটি নিয়ে ইউপিএল জানিয়েছে, তারা তাদের প্রকাশিত বইয়ের ক্ষেত্রে আইনগত প্রক্রিয়াকে গুরুত্ব দেয় এবং সরকারি বা আদালতের আনুষ্ঠানিক সিদ্ধান্ত এলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ফিনান্সিয়াল বার্তা/ এইচ

ক্যাটাগরি