রূপালী ব্যাংকে চেক ছাড়াই ২ মিনিটে নগদ টাকা উত্তোলন

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির গ্রাহকদের জন্য চালু হয়েছে চেকবিহীন নগদ টাকা উত্তোলন সেবা। ‘ক্যাশ বাই কিউআর’ নামের এই সেবার মাধ্যমে রূপালী ই-ব্যাংক অ্যাপ ব্যবহার করে ব্যাংকের যেকোনো শাখা থেকে কোনো ধরনের চার্জ ছাড়াই মাত্র দুই মিনিটে নগদ টাকা উত্তোলন করতে পারবেন গ্রাহকরা।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর দিলকুশায় রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে নতুন এই সেবার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার ও মো. হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।
ব্যাংক সূত্রে জানা গেছে, ‘ক্যাশ বাই কিউআর’ সেবার মাধ্যমে টাকা তুলতে গ্রাহককে সংশ্লিষ্ট শাখায় প্রদর্শিত কিউআর কোড স্ক্যান করতে হবে। এরপর রূপালী ই-ব্যাংক অ্যাপের ‘ক্যাশ বাই কিউআর’ সুবিধা নির্বাচন করে উত্তোলনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
প্রক্রিয়া শেষ হলে শাখার নগদ কাউন্টারে উত্তোলনের পরিমাণ ও অনুমোদন কোড প্রদান করতে হবে। এরপর গ্রাহক কাউন্টার থেকে নগদ টাকা গ্রহণ করতে পারবেন। ফলে এ সেবায় চেক ব্যবহারের প্রয়োজন হবে না এবং গ্রাহককে কোনো অতিরিক্ত চার্জও দিতে হবে না।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই সেবার ফলে গ্রাহকদের নগদ টাকা উত্তোলনের প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার পরিধি বাড়ানোর পাশাপাশি গ্রাহকদের ডিজিটাল ব্যাংকিং ব্যবহারে আরও সুবিধা তৈরি হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মো. ইসমাইল হোসেন শেখ, সালামুন নেছা ও মো. মইন উদ্দিন মাসুদ এবং উপমহাব্যবস্থাপক মো. আনিছুর রহমান, মো. আবদুল মান্নান মিয়া ও মোল্লা রেজাউল করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফিনান্সিয়াল বার্তা/ এইচ



