যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সরকারি ছুটি হিসেবে স্বীকৃতি পেল ঈদুল ফিতর ও ঈদুল আজহা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সরকারি ছুটির তালিকায় স্থান পেল মুসলিমদের প্রধান দুই ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা। গভর্নর গ্যাভিন নিউসম অ্যাসেম্বলি বিল ২০১৭-এ স্বাক্ষর করার পর এটি আইনে পরিণত হয়েছে। ক্যালিফোর্নিয়ার গভর্নরের কার্যালয়ের তথ্যেও বিলটি স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
‘স্টেট হলিডেজ: ঈদ’ শিরোনামের এই বিলটি উত্থাপন করেন সান ফ্রান্সিসকোর ডেমোক্র্যাট অ্যাসেম্বলি সদস্য ম্যাট হ্যানি। নতুন আইনের আওতায় ক্যালিফোর্নিয়ার সরকারি কর্মীদের জন্য দুই ঈদ সরকারি ছুটির স্বীকৃতি পেল।
পাশাপাশি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং কমিউনিটি কলেজগুলো নিজেদের পরিস্থিতি বিবেচনা করে ঈদের দিনে প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে পারবে। ফলে ঈদের সময় মুসলিম শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীদের জন্য ছুটির সুযোগ তৈরি হবে।
ক্যালিফোর্নিয়ার গভর্নরের কার্যালয়ের ২৭ সেপ্টেম্বরের আইন স্বাক্ষর-সংক্রান্ত তালিকায় অ্যাসেম্বলি বিল ২০১৭-কে ‘State holidays: Eid’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিলটি নিয়ে ম্যাট হ্যানি এর আগে বলেছিলেন, ক্যালিফোর্নিয়ায় যুক্তরাষ্ট্রের অন্যতম বড় মুসলিম জনগোষ্ঠীর বসবাস। ঈদের দিন কাজ বা পড়াশোনার কারণে অনেক মুসলিম ঠিকভাবে উৎসব উদযাপন করতে পারেন না—এমন বাস্তবতার কথা তুলে ধরে তিনি বিলটির পক্ষে অবস্থান নেন।
ক্যালিফোর্নিয়ার এই সিদ্ধান্তের আগে ওয়াশিংটন অঙ্গরাজ্যও ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করেছে। ওয়াশিংটনের আইনে ইসলামি বর্ষপঞ্জির দশম মাসের প্রথম দিনকে ঈদুল ফিতর এবং দ্বাদশ মাসের দশম দিনকে ঈদুল আজহা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
ওয়াশিংটনের ২০২৫ সালের সংশ্লিষ্ট আইনেও দুই ঈদকে পৃথক সরকারি ছুটি হিসেবে অন্তর্ভুক্ত করার বিধান রয়েছে।
ক্যালিফোর্নিয়ায় নতুন আইন কার্যকর হওয়ার ফলে রাজ্যটির সরকারি কর্মী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মুসলিম শিক্ষক-শিক্ষার্থীদের ঈদ উদযাপনের ক্ষেত্রে ছুটির সুযোগ আরও প্রাতিষ্ঠানিক রূপ পেল।
ফিনান্সিয়াল বার্তা/ এইচ



