শিক্ষা

মেডিকেল ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত, চূড়ান্ত হয়নি নতুন সূচি

ছবি: সংগৃহীত
২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে না। পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। তবে নতুন তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।

বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পূর্বঘোষিত সূচি অনুযায়ী ৪ ডিসেম্বর ভর্তি পরীক্ষা আয়োজন করা সম্ভব হচ্ছে না। পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হলেও নতুন তারিখ নির্ধারণের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

পুনঃপরীক্ষায় উত্তীর্ণদের সুযোগ নিয়ে আলোচনা

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, এইচএসসি ও সমমানের পুনঃপরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে কি না, তা নিয়েও আলোচনা চলছে।

পুনঃপরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা চলতি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন কি না, সে বিষয়ে সরকারের সিদ্ধান্তের ওপর নতুন পরীক্ষার সময়সূচি নির্ভর করতে পারে।

এ বিষয়ে অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন বলেন, পুনঃপরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা বর্তমানে উত্তীর্ণ শিক্ষার্থীদের মতো সমান সুযোগ পাবেন কি না, তা সরকার নির্ধারণ করবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ভর্তি নীতিমালাও চূড়ান্ত হয়নি

২০২৬-২৭ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল ভর্তি নীতিমালাও এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এই কর্মকর্তা।

তিনি জানান, নীতিমালা চূড়ান্ত হওয়ার পর সে অনুযায়ী ভর্তি পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে। তাই নতুন পরীক্ষার তারিখ ঘোষণার আগে ভর্তি নীতিমালা এবং পুনঃপরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অংশগ্রহণের যোগ্যতার বিষয়টি স্পষ্ট হওয়া প্রয়োজন।

ক্যাটাগরি