টেকসই প্রবৃদ্ধির লক্ষ্যে সাউথইস্ট ব্যাংকের কৌশলগত সভা

ব্যবসায়িক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, পরিচালনাগত দক্ষতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি সাফল্য নিশ্চিত করতে কৌশলগত ব্যবসায়িক উন্নয়ন সভা করেছে সাউথইস্ট ব্যাংক পিএলসি। গত শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীতে ব্যাংকটির প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ব্যাংকের ব্যবসায়িক কৌশল ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. খালিদ মাহমুদ খান। এতে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ব্যাংকটির চেয়ারম্যান এম এ কাশেম।
সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক নাসির উদ্দিন আহমেদ, পরিচালক মো. রফিকুল ইসলাম (এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি কর্তৃক মনোনীত প্রতিনিধি) এবং স্বতন্ত্র পরিচালক বিচারপতি মো. আজিজুল হক।
সভায় ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ, সব শাখার প্রধান এবং আঞ্চলিক প্রধানরা অংশ নেন।
সভায় ব্যাংকের কৌশলগত ব্যবসায়িক অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য প্রতিষ্ঠা, বিদ্যমান পরিচালনাগত চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।
ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের সদস্যরা ঊর্ধ্বতন নির্বাহী, শাখা প্রধান ও আঞ্চলিক প্রধানদের বিভিন্ন কৌশলগত দিকনির্দেশনা ও পরামর্শ দেন। এ সময় পরিচালনাগত উৎকর্ষ অর্জন, ব্যবসায়িক কার্যক্রমের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি এবং ২০২৬ সাল ও পরবর্তী সময়ে ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় ব্যাংকের সার্বিক ব্যবসায়িক কার্যক্রম ও পরিচালনাগত কর্মকাণ্ড পর্যালোচনা করা হয়। পাশাপাশি বিদ্যমান চ্যালেঞ্জ চিহ্নিতকরণ, নতুন ব্যবসায়িক সম্ভাবনা অনুসন্ধান এবং ব্যাংকের সামগ্রিক কার্যক্রমের মান ও দক্ষতা বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া ২০২৬ সালের জন্য সুসংগঠিত কৌশলগত ব্যবসায়িক পরিকল্পনা নিয়েও আলোচনা করেন অংশগ্রহণকারীরা। সম্ভাবনাময় প্রবৃদ্ধির ক্ষেত্রগুলো চিহ্নিত করার পাশাপাশি ব্যাংকের অগ্রযাত্রা আরও এগিয়ে নিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
ব্যাংকের কৌশলগত লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে সম্মিলিত উদ্যোগ গ্রহণ এবং অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে সভাটি অনুষ্ঠিত হয়।



