বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ‘সাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট’ শীর্ষক সংবাদের পরিপ্রেক্ষিতে জনতা ব্যাংক কর্তৃপক্ষের স্পষ্টীকরণ ও প্রতিবাদ।

আজ (২৫ অক্টোবর ২০২৬) বিভিন্ন সংবাদমাধ্যম ও অনলাইন পোর্টালে “সাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট” বা এই সংক্রান্ত শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতি জনতা ব্যাংক পিএলসি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষিত হয়েছে। প্রকাশিত সংবাদে জনতা ব্যাংকের মূল সার্ভার হ্যাক বা সাইবার হামলার শিকার হওয়া সংক্রান্ত যে বিভ্রান্তিকর তথ্য প্রচারিত হয়েছে, এধরনের কোন ঘটনা আদৌ ঘটেনি। জনতা ব্যাংক কর্তৃপক্ষ এর প্রতিবাদ জানাচ্ছে। প্রকৃত সত্য নিচে তুলে ধরা হলো।
পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা: বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপি-তে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর ইউরোপীয় ইউনিয়নের সাইবার নিরাপত্তা সংস্থা এনিসা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর যৌথ সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকসহ দেশের প্রধান প্রধান আর্থিক প্রতিষ্ঠান বাড়তি নিরাপত্তা পদক্ষেপ গ্রহণ করে। এরই অংশ হিসেবে গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে সরকারি ছুটির দিনগুলোতে জনতা ব্যাংকের ওয়েবসাইটটি সাধারণ ব্যবহারকারীদের জন্য সাময়িকভাবে অফলাইনে বা বন্ধ রেখে পুনরায় চালু করা হয়েছে।



