চামড়া শিল্পে ২ হাজার কোটি টাকার ঋণ, চুক্তি করল কমার্স ব্যাংক

চামড়া ও চামড়াজাত শিল্পের বিকাশ এবং উন্নয়নে ২ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন স্কিমের আওতায় স্বল্প সুদে ঋণ বিতরণে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড।
রোববার (১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চুক্তিতে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মো. জবদুল ইসলাম এবং বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়দুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিসুর রহমান। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নাহিদা রহমান উপস্থিত ছিলেন।
এ স্কিমের আওতায় চামড়া ও চামড়াজাত পণ্য উৎপাদন এবং সংশ্লিষ্ট শিল্পের বিকাশে উদ্যোক্তারা স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণ পাওয়ার সুযোগ পাবেন। এর মাধ্যমে এ খাতের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, ব্যবসা সম্প্রসারণ এবং শিল্পের উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।



