সাউথইস্ট ব্যাংকের পরিচালক হলেন শায়লা বানু ঝুমুর

সাউথইস্ট ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে মনোনীত পরিচালক হিসেবে যোগ দিয়েছেন ওয়েলডান অ্যাপারেল লিমিটেডের মনোনীত প্রতিনিধি মিসেস শায়লা বানু ঝুমুর। গত ২৯ অক্টোবর ২০২৬ তারিখে তিনি ব্যাংকটির পরিচালনা পর্ষদে যোগদান করেন।
শায়লা বানু ঝুমুর কুমিল্লার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর (এমএসএস) ডিগ্রি অর্জন করেন।
তিনি একজন বিশিষ্ট উদ্যোক্তা, শিল্পোদ্যোক্তা ও অভিজ্ঞ করপোরেট নেতৃত্বস্থানীয় ব্যক্তিত্ব। আন্তর্জাতিক বাণিজ্য এবং বৃহৎ শিল্পগোষ্ঠী পরিচালনায় তাঁর ৩০ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে তিনি ওয়েলডান অ্যাপারেল লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রতিষ্ঠানটি এমএনআর গ্রুপের আওতাধীন শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের সোয়েটার উৎপাদনকারী প্রতিষ্ঠান। বৃহৎ পরিসরে শিল্পকারখানা পরিচালনা ও ব্যবস্থাপনায় তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং সামষ্টিক অর্থনীতি সম্পর্কে গভীর জ্ঞান পেশাগত দক্ষতাকে সমৃদ্ধ করেছে।
বিভিন্ন দেশে আন্তর্জাতিক ভ্রমণের মাধ্যমে অর্জিত বৈশ্বিক অভিজ্ঞতা তাঁর দৃষ্টিভঙ্গিকে আরও বিস্তৃত করেছে। এসব অভিজ্ঞতা সাউথইস্ট ব্যাংকের করপোরেট সুশাসন ও নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি নাগরিক ও সামাজিক কার্যক্রমেও সক্রিয় শায়লা বানু ঝুমুর। তিনি দুই বছর ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি)-এর অভিভাবক-শিক্ষক সমিতির (পিটিএ) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়া তিনি বনানী ক্লাব লিমিটেড, ঢাকা বোট ক্লাব লিমিটেড, উত্তরা ক্লাব লিমিটেড, পূর্বাচল লেডিস ক্লাব লিমিটেড, গুলশান সোসাইটি ও গুলশান জগার্স সোসাইটিসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সক্রিয় সদস্য।



