অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের তরুণ উদ্যোক্তাদের চূড়ান্ত বাছাইয়ে কার্যক্রম শুরু আজ

সংগৃহীত ছবি

তৃণমূল পর্যায় থেকে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা খুঁজে বের করে অর্থায়নের আওতায় আনতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ কর্মসূচি ‘উদ্যোগ’-এর আওতায় মানিকগঞ্জ জেলার চূড়ান্ত উদ্যোক্তা বাছাই কার্যক্রম শুরু হচ্ছে আজ রোববার (৮ নভেম্বর)। তিন দিনব্যাপী এ কার্যক্রমে আবেদনকারীদের ব্যবসায়িক পরিকল্পনা, উদ্যোগের সম্ভাবনা ও বাস্তবায়ন সক্ষমতা মূল্যায়ন করবেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও করপোরেট ব্যক্তিত্বরা।

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আগামী ১০ নভেম্বর পর্যন্ত এ বাছাই কার্যক্রম চলবে। এতে মানিকগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার আবেদনকারীদের সাক্ষাৎকার নেওয়া হবে। ব্যবসায়িক পরিকল্পনা ও উদ্যোগের সম্ভাবনা যাচাই শেষে অর্থায়নের জন্য যোগ্য তরুণ উদ্যোক্তাদের চূড়ান্তভাবে নির্বাচন করা হবে। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ (উপজেলা ড্রিভেন ইয়ুথ অপরচুনিটি ফর গ্রোথ) কর্মসূচির মূল লক্ষ্য হলো তৃণমূল পর্যায় থেকে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা তৈরি, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিতে গতিশীলতা বাড়ানো। এ কর্মসূচির মাধ্যমে তরুণদের ব্যবসায়িক উদ্যোগ যাচাইয়ের পাশাপাশি প্রয়োজনীয় দিকনির্দেশনা ও অর্থায়নের সুযোগ তৈরি করা হচ্ছে।

মানিকগঞ্জের উদ্যোক্তা বাছাই কার্যক্রমে মূল্যায়নকারী হিসেবে অংশ নেবেন অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, মোহাম্মদী গ্রুপের চেয়ারম্যান রুবানা হক, বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান এবং বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান।

এ ছাড়া মূল্যায়ন প্যানেলে থাকবেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসের এজাজ বিজয়, অন্যরকম গ্রুপের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান সোহাগ এবং পাঠাও লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ে দেশের আটটি জেলায় উদ্যোক্তা অনুসন্ধান ও বাছাই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে মানিকগঞ্জের আবেদনকারীদের চূড়ান্ত মূল্যায়ন করা হচ্ছে। প্রথম পর্যায়ের জেলাগুলোতে ব্যাপক সাড়া পাওয়ায় পরবর্তী সময়ে দেশের বাকি ৫৬ জেলাতেও এ কর্মসূচি সম্প্রসারণ করা হয়েছে।

গত ১ নভেম্বর থেকে দেশের ৫৬ জেলায় তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। এ কর্মসূচির মাধ্যমে তৃণমূলের নতুন উদ্যোক্তাদের ব্যবসায়িক সম্ভাবনা কাজে লাগিয়ে স্বনির্ভরতা ও কর্মসংস্থান বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংক।

ক্যাটাগরি