আন্তর্জাতিক

আমি একজন ধার্মিক মানুষ, মৃত্যুর পর স্বর্গে যাব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি নিজেকে একজন ধার্মিক মানুষ মনে করেন। তাই তাত্ত্বিকভাবে তার স্বর্গে যাওয়ার কথা। তবে পরকালে স্বর্গে প্রবেশের শর্ত হিসেবে রাজনৈতিক শত্রুদের ক্ষমা করতে বলা হলে তিনি তা পারবেন না বলে জানিয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ‘৬০ মিনিটস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে ধর্ম, পরকাল, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এবং ইউএফও নিয়ে খোলামেলা কথা বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিক রস ডাউথ্যাটের নেওয়া এ সাক্ষাৎকারে মৃত্যুর পরের জীবন নিয়েও নিজের ভাবনার কথা তুলে ধরেন তিনি।

সাক্ষাৎকারে ৮০ বছর বয়সি ট্রাম্পকে প্রশ্ন করা হয়, মৃত্যুর পর কী হবে বলে তিনি মনে করেন। কিছুক্ষণ বিরতি দিয়ে তিনি বলেন, নিজেকে একজন ধার্মিক মানুষ হিসেবে দেখেন। সে হিসাবে তাত্ত্বিকভাবে তার স্বর্গে যাওয়ার কথা। কারণ, তিনি নরকে যেতে চান না। তবে মৃত্যুর পরও মানুষ তাকে স্মরণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সাক্ষাৎকারের একপর্যায়ে সাংবাদিক জানতে চান, স্বর্গে প্রবেশের একমাত্র শর্ত যদি হয় জেমস কোমি কিংবা ন্যান্সি পেলোসির মতো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের ক্ষমা করা, তাহলে ট্রাম্প কি তা করতে পারবেন?

জবাবে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন, এটি তার পক্ষে সম্ভব নয়। তিনি বলেন, কিছু রাজনৈতিক প্রতিপক্ষকে তিনি ঘৃণা করেন এবং আজীবন ঘৃণা করবেন। ফলে তাদের ক্ষমা করা তার পক্ষে অসম্ভব।

রাজনীতি ও পরকাল নিয়ে আলোচনার পাশাপাশি ইউএফও বা অজ্ঞাত উড়ন্ত বস্তু নিয়েও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প জানান, হোয়াইট হাউসের ওভাল অফিসে দায়িত্ব পালনের সময় মার্কিন বিমানবাহিনীর কয়েকজন দক্ষ ও বিশ্বস্ত পাইলটের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। হলিউড অভিনেতা টম ক্রুজের মতো পরিপাটি ও পেশাদার ওই পাইলটরা কোনো ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসী নন।

ব্যক্তিগতভাবে ইউএফও নিয়ে খুব একটা বিশ্বাস না থাকলেও ওই পাইলটরা তাকে উড়ন্ত বস্তু নিয়ে বেশ কিছু অদ্ভুত অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন বলে উল্লেখ করেন ট্রাম্প।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

ক্যাটাগরি