শিক্ষা

সরকারি-বেসরকারি স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তিতে বয়স কমপক্ষে ৬ বছর

সংগৃহীত ছবি
সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তির বয়সসীমা নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, উভয় ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স কমপক্ষে ছয় বছর হতে হবে। তবে বয়স সাত বছরের কম হতে হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭ (সংশোধিত)’ প্রকাশ করা হয়েছে। এতে সরকারি স্কুলের ভর্তি নীতিমালা সংশোধন করে বেসরকারি স্কুলের সঙ্গে বয়সসীমা সমন্বয় করা হয়েছে।

সংশোধিত নীতিমালায় বলা হয়েছে, জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের ১ জানুয়ারি শিক্ষার্থীর বয়স ছয় বছর বা তার বেশি হতে হবে। তবে কোনো অবস্থাতেই বয়স সাত বছর পূর্ণ হওয়া যাবে না।

এ হিসাবে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে জন্ম নেওয়া শিশুরা ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে।

নীতিমালায় আরও বলা হয়েছে, শিক্ষার্থীর বয়স প্রমাণের জন্য অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সের সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত অতিরিক্ত সুবিধা দেওয়া যাবে।

ক্যাটাগরি