রাজনীতি

দুই মাসের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চাইলেন মেঘনা আলম

মডেল মেঘনা আলম

‘দুই মাসের জন্য আমাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন’-এমন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন আলোচিত মডেল ও অভিনেত্রী মেঘনা আলম। একই পোস্টে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে নিয়েও মন্তব্য করেছেন তিনি।

সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে মেঘনা আলম লেখেন, ‘২ মাসের জন্য আমাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন। আসিফের ওপর ভরসা না থাকলেও, এ ক্ষেত্রে দেশের মানুষের আমার ওপর ভরসা আছে!’

মেঘনা আলমের এই মন্তব্যের পেছনে রয়েছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাম্প্রতিক একটি ফেসবুক পোস্ট। এর আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চেয়েছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘না পারলে দুই সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি।’
এর কিছুক্ষণ পর আরেকটি পোস্টে তিনি বলেন, ‘রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে আমাকে না দিলেন। তাহলে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর ভাইকে দিন। শতগুণ ভালো নিয়ন্ত্রণ করতে পারবেন, অপারেশন ডেভিল হান্টের কথা মনে আছে?’

আসিফ মাহমুদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চাওয়ার এই বক্তব্যের পর মেঘনা আলমের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চেয়ে দেওয়া পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

উল্লেখ্য, মেঘনা আলম বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মতামত ও মন্তব্য প্রকাশ করে আলোচনায় এসেছেন। এবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চেয়ে দেওয়া তাঁর এই স্ট্যাটাসও নেটিজেনদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।

ক্যাটাগরি