শীতে শরীর উষ্ণ ও সুস্থ রাখতে খাবেন যে ১০ খাবার

তবে শীতে সুস্থ থাকতে ভারী বা অস্বাস্থ্যকর খাবারের ওপর নির্ভর করার প্রয়োজন নেই। বরং শাকসবজি, ফল, ডাল, বাদাম ও দুধজাতীয় খাবার নিয়মিত খাওয়ার মাধ্যমে শরীরের প্রয়োজনীয় পুষ্টি পাওয়া সম্ভব। চলুন, শীতে খাদ্যতালিকায় রাখতে পারেন এমন ১০টি উপকারী খাবার সম্পর্কে জেনে নেওয়া যাক।
১. শাকপাতা
শীতকাল বিভিন্ন ধরনের শাকপাতা খাওয়ার উপযুক্ত সময়। বিশেষ করে পালংশাক, লালশাক ও অন্যান্য সবুজ শাকে রয়েছে ভিটামিন এ, সি ও কে এবং বিভিন্ন খনিজ উপাদান। ভিটামিন সি রোগ প্রতিরোধব্যবস্থার স্বাভাবিক কার্যক্রমে সহায়তা করে। অন্যদিকে ভিটামিন কে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শীতের খাদ্যতালিকায় রান্না করা শাক রাখতে পারেন।
২. মাটির নিচে জন্মানো সবজি
বিট, গাজর ও শালগমের মতো মূলজাতীয় সবজি শীতকালে সহজলভ্য। এসব সবজিতে রয়েছে বিটা ক্যারোটিন, ভিটামিন এ ও সি এবং আঁশ। এগুলো শরীরের পুষ্টির চাহিদা পূরণ ও রোগ প্রতিরোধব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সহায়তা করে। স্যুপ, তরকারি কিংবা সালাদ হিসেবেও এসব সবজি খাওয়া যায়।
৩. লেবুজাতীয় ফল
শীতকালে কমলা, মাল্টা, জাম্বুরা ও লেবুর মতো ফল নিয়মিত খেতে পারেন। এসব ফলে প্রচুর ভিটামিন সি রয়েছে, যা রোগ প্রতিরোধক্ষমতার স্বাভাবিক কার্যক্রমে ভূমিকা রাখে। পাশাপাশি স্ট্রবেরি, কিউই ও আমেও ভিটামিন সি পাওয়া যায়। প্রতিদিনের খাদ্যতালিকায় মৌসুমি ফল রাখা স্বাস্থ্যের জন্য উপকারী।
৪. ভিটামিন ডি-সমৃদ্ধ খাবার
শীতকালে দিনের আলো ও সূর্যালোক পাওয়ার সুযোগ কমে যাওয়ায় ভিটামিন ডির দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। স্যালমন মাছ, ডিমের কুসুম, দুধ, মাশরুম ও ভিটামিন ডি সমৃদ্ধ করা সিরিয়াল এই পুষ্টি উপাদানের উৎস। হাড়ের স্বাস্থ্য এবং রোগ প্রতিরোধব্যবস্থার স্বাভাবিক কার্যক্রমের জন্য ভিটামিন ডি গুরুত্বপূর্ণ।
৫. শিম ও ডালজাতীয় খাবার
ছোলা, মটরশুঁটি, মসুর ডাল, মুগ ডাল ও অন্যান্য ডালজাতীয় খাবারে প্রচুর উদ্ভিজ্জ প্রোটিন ও আঁশ রয়েছে। এগুলো শরীরের শক্তি জোগানোর পাশাপাশি দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। শীতের খাদ্যতালিকায় ডাল, ছোলা ও বিভিন্ন শিমজাতীয় খাবার রাখতে পারেন।
৬. কম সোডিয়ামযুক্ত স্যুপ
শীতের দিনে গরম স্যুপ শরীরকে আরাম দিতে পারে। তবে স্যুপ তৈরিতে অতিরিক্ত লবণ, ক্রিম ও চর্বিযুক্ত উপকরণ ব্যবহার না করাই ভালো। ঘরে তৈরি মুরগির মাংসের ঝোল, সবজির স্যুপ কিংবা বিভিন্ন সবজি দিয়ে তৈরি স্যুপ বেছে নিতে পারেন।
প্রতি পরিবেশনে ১৪০ মিলিগ্রাম বা এর কম সোডিয়াম থাকলে সেটিকে কম সোডিয়ামযুক্ত খাবার হিসেবে বিবেচনা করা হয়। তাই বাজার থেকে স্যুপ কিনলে প্যাকেটের পুষ্টিগুণের তথ্য দেখে নেওয়া ভালো।
৭. পূর্ণ শস্য
ওটমিল, কুইনোয়া, ফারো, বুলগুর ও বাকউইটের মতো পূর্ণ শস্যে রয়েছে প্রোটিন, আঁশ ও বিভিন্ন খনিজ উপাদান। বিশেষ করে ওটমিলে থাকা জিঙ্ক রোগ প্রতিরোধব্যবস্থার স্বাভাবিক কার্যক্রমে সহায়তা করে। এ ছাড়া দ্রবণীয় আঁশ হৃদযন্ত্রের সুস্থতা বজায় রাখতে ভূমিকা রাখে। শীতের সকালে নাশতা হিসেবে ওটমিল খেতে পারেন।
৮. বেরিজাতীয় ফল
স্ট্রবেরি, ব্লুবেরি, ব্ল্যাকবেরি ও রাসবেরির মতো বেরিজাতীয় ফলে রয়েছে প্রচুর আঁশ ও অ্যান্টিঅক্সিডেন্ট। এসব ফলে ভিটামিন সি, ম্যাঙ্গানিজ ও ভিটামিন কে১ পাওয়া যায়। শরীরের কোষকে অক্সিডেটিভ ক্ষতি থেকে সুরক্ষায় অ্যান্টিঅক্সিডেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
৯. দই
দই প্রোটিন, ক্যালসিয়াম ও ভিটামিন বি১২-এর ভালো উৎস। এতে থাকা উপকারী ব্যাকটেরিয়া বা প্রোবায়োটিক অন্ত্রের অণুজীবের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। শীতেও নিয়মিত পরিমিত পরিমাণে দই খেতে পারেন। তবে অতিরিক্ত চিনি মেশানো স্বাদযুক্ত দইয়ের পরিবর্তে সাধারণ বা চিনি ছাড়া দই বেছে নেওয়া ভালো।
১০. বাদাম
কাঠবাদাম, আখরোট, কাজুবাদাম ও পেস্তায় রয়েছে স্বাস্থ্যকর চর্বি, প্রোটিন, আঁশ, অ্যান্টিঅক্সিডেন্ট ও বিভিন্ন খনিজ উপাদান। এসব পুষ্টি উপাদান শরীরের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সহায়তা করে। শীতের নাশতা হিসেবে পরিমিত পরিমাণে বাদাম খেতে পারেন। তবে অতিরিক্ত লবণযুক্ত, চিনির প্রলেপ দেওয়া বা মিষ্টি মেশানো বাদামের পরিবর্তে কাঁচা কিংবা লবণবিহীন বাদাম বেছে নেওয়া ভালো।
শীতে সুস্থ থাকতে খাবারের পাশাপাশি যা জরুরি
শীতকালে সুস্থ থাকতে সুষম খাবারের পাশাপাশি পর্যাপ্ত পানি পান, নিয়মিত শরীরচর্চা, পর্যাপ্ত ঘুম এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা প্রয়োজন। মনে রাখতে হবে, কোনো একটি খাবার একাই ঠান্ডা বা সংক্রমণ থেকে সুরক্ষা দিতে পারে না। বরং নিয়মিত সুষম খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যকর জীবনযাপনই সুস্থ থাকার অন্যতম উপায়।
সূত্র: স্ট্যামফোর্ড হেলথ



