রাজনীতি

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে জামায়াত আমির, দেশে ফিরবেন ২৬ নভেম্বর

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ২০ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত সাত দিনের এই সফরে তিনি অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন এবং প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ত্যাগ করেন তিনি।

সফরসূচি অনুযায়ী, অস্ট্রেলিয়ায় দেশটির সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সঙ্গে বৈঠকের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন জামায়াত আমির। এরপর মালয়েশিয়ায় প্রবাসীদের আয়োজিত কর্মসূচিতেও যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

সফরসঙ্গী হিসেবে রয়েছেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এবং বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব (এপিএস) মুহাম্মদ নজরুল ইসলাম।

ঢাকা ত্যাগের সময় বিমানবন্দরে তাঁকে বিদায় জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

এ ছাড়া উপস্থিত ছিলেন নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি, ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ দলের অন্যান্য নেতারা।

সফর শেষে আগামী ২৬ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের।

ক্যাটাগরি