বাজারে খাবার আছে, কেনার সামর্থ্য নেই পাকিস্তানের লাখো পরিবারের

গম, আটা ও মুরগির মাংসসহ বিভিন্ন খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় সংসারের ব্যয় সামলাতে গিয়ে অন্যান্য মৌলিক প্রয়োজনেও কাটছাঁট করতে হচ্ছে অনেক পরিবারকে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, খাদ্যপণ্যের সরবরাহ বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।
পাকিস্তান পরিসংখ্যান ব্যুরোর (পিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবরে খাদ্য ও অ্যালকোহলবিহীন পানীয়ের দাম আগের বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৭৪ শতাংশ বেড়েছে। সেপ্টেম্বরের তুলনায় বেড়েছে ২ দশমিক ২৬ শতাংশ।
এর মধ্যে শহরাঞ্চলে গমের দাম প্রায় ৩৯ শতাংশ, গমের আটার দাম ৩৪ দশমিক ২৭ শতাংশ এবং মুরগির মাংসের দাম ২০ দশমিক ৩০ শতাংশ বেড়েছে।
পিবিএসের সাপ্তাহিক সংবেদনশীল মূল্যসূচক (এসপিআই) অনুযায়ী, ১২ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে সামগ্রিক মূল্যসূচক আগের সপ্তাহের তুলনায় শূন্য দশমিক ৪৬ শতাংশ কমেছে। তবে গত বছরের একই সময়ের তুলনায় সূচকটি ১১ দশমিক ২১ শতাংশ বেশি ছিল। এ সময়ে গমের আটার দামও বছর ব্যবধানে ৩৬ দশমিক ১৪ শতাংশ বেশি রয়েছে।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে, অক্টোবর মাসে পাকিস্তানের অধিকাংশ পর্যবেক্ষণ করা বাজারে গমের আটার খুচরা দাম রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। মৌসুমভিত্তিক সরবরাহের ঘাটতি, উৎপাদন ব্যয় ও পরিবহন খরচ বৃদ্ধি এর অন্যতম কারণ।
খাদ্যনিরাপত্তাহীন পরিবার বাড়ছে
পাকিস্তানের পরিবারগুলোর ব্যয়ের বড় অংশই খাদ্য কেনার পেছনে যায়। পিবিএসের ২০২৪-২৫ সালের পারিবারিক সমন্বিত অর্থনৈতিক জরিপ অনুযায়ী, মোট পারিবারিক ভোগব্যয়ের ৩৬ দশমিক ৭২ শতাংশ ব্যয় হয় খাদ্য ও অ্যালকোহলবিহীন পানীয় কেনায়।
এদিকে দেশটিতে খাদ্যনিরাপত্তাহীন পরিবারের সংখ্যাও বেড়েছে। পিবিএসের সামাজিক সূচকবিষয়ক প্রতিবেদন অনুযায়ী, ২০১৮-১৯ সালে মাঝারি ও গুরুতর খাদ্যনিরাপত্তাহীনতায় থাকা পরিবারের হার ছিল ১৫ দশমিক ৯২ শতাংশ। ২০২৪-২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ২৪ দশমিক ৩৫ শতাংশে। অর্থাৎ জরিপে অংশ নেওয়া প্রায় প্রতি চারটি পরিবারের একটিই খাদ্যনিরাপত্তাহীনতার মুখে পড়েছে।
সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আয়বৈষম্যের কারণে পরিস্থিতি আরও প্রকট হয়েছে। সবচেয়ে দরিদ্র জনগোষ্ঠীর ৪৫ দশমিক ৯৭ শতাংশ পরিবার খাদ্যনিরাপত্তাহীনতায় ভুগছে। বিপরীতে সবচেয়ে ধনী জনগোষ্ঠীর ক্ষেত্রে এ হার মাত্র ৮ দশমিক ৯৫ শতাংশ।
এ ছাড়া গ্রামাঞ্চলে খাদ্যনিরাপত্তাহীন পরিবারের হার ২৬ দশমিক ৭২ শতাংশ, শহরাঞ্চলে ২০ দশমিক ৫৮ শতাংশ।
সরকারি উদ্যোগেও কমছে না আটার দাম
গমের সরবরাহ বাড়াতে আমদানির উদ্যোগ নিয়েছে পাকিস্তান সরকার। অক্টোবরের শেষ দিকে প্রায় ৫১ হাজার টন গম করাচি বন্দরে পৌঁছায়। তবে আমদানি করা গমের প্রভাবে পাইকারি বাজারে দাম কমলেও খুচরা পর্যায়ে আটার দাম কমেনি।
চলতি মাসের শুরুতে দেশটির সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, করাচিতে ২০ কেজির আটার বস্তা সর্বোচ্চ ৩ হাজার ৫৪০ রুপিতে বিক্রি হয়েছে।
এ পরিস্থিতিতে ৪ নভেম্বর সিন্ধু সরকার প্রতি ৪০ কেজি গমের সরকারি সরবরাহমূল্য ৫ হাজার রুপি থেকে কমিয়ে ৪ হাজার ৫০০ রুপি নির্ধারণ করে। প্রাদেশিক মন্ত্রী শরজিল ইনাম মেমন আশা প্রকাশ করেন, এতে প্রতি কেজি আটার দাম প্রায় ১৫ রুপি কমবে। তবে সরকারি এ উদ্যোগের সুফল সাধারণ ভোক্তাদের কাছে কতটা পৌঁছেছে, তা এখনো স্পষ্ট নয়।
উৎপাদন ব্যয় বাড়ায় নতুন শঙ্কা
খাদ্যপণ্যের উচ্চমূল্যে ভোক্তাদের পাশাপাশি চাপে রয়েছেন কৃষকেরাও। আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, গম চাষে ব্যবহৃত ডিএপি সারের ৫০ কেজির বস্তার দাম ১৪ হাজার ৯ রুপি থেকে বেড়ে ১৭ হাজার ১৮৩ রুপিতে দাঁড়িয়েছে।
উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় অনেক কৃষক সারের ব্যবহার কমাচ্ছেন অথবা তুলনামূলক সস্তা বিকল্প বেছে নিচ্ছেন। এতে ২০২৬-২৭ রবি মৌসুমে গম উৎপাদন নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
কৃষকদের সহায়তায় সিন্ধু ও পাঞ্জাব সরকার ভর্তুকি ও কৃষি সহায়তার উদ্যোগ নিয়েছে। তবে এসব কর্মসূচি কতটা কার্যকর হবে, তা নির্ভর করছে প্রকৃত কৃষকদের কাছে সহায়তা পৌঁছানোর ওপর।
২০২৭ সালের শুরুতে খাদ্যসহায়তা লাগতে পারে ১ কোটি ৯০ লাখ মানুষের
পাকিস্তানের খাদ্যনিরাপত্তা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছে ফেমিন আর্লি ওয়ার্নিং সিস্টেমস নেটওয়ার্ক (ফিউস নেট)। সংস্থাটির অক্টোবরের মূল্যায়নে বলা হয়েছে, ২০২৭ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত পাকিস্তানে ১ কোটি ৮০ লাখ থেকে ১ কোটি ৯০ লাখ মানুষের খাদ্যসহায়তা প্রয়োজন হতে পারে।
বেলুচিস্তান, খাইবার পাখতুনখাওয়া ও গিলগিট-বালতিস্তানের কিছু এলাকায় সংকটজনক পরিস্থিতি অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।
খাদ্যের উচ্চমূল্য, মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়া, দুর্বল ফসল উৎপাদন ও কর্মসংস্থানের সীমাবদ্ধতাকে সংকটের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছে সংস্থাটি।
পরিস্থিতি সামাল দিতে অনেক পরিবার বাকিতে খাবার কেনা, ঋণ নেওয়া, খাবারের পরিমাণ কমানো কিংবা গবাদিপশু বিক্রির মতো পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে।
সব মিলিয়ে পাকিস্তানের খাদ্যসংকট এখন শুধু উৎপাদন বা সরবরাহের সমস্যা নয়; বরং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার সংকটও বড় হয়ে উঠেছে। বাজারে পর্যাপ্ত খাবার থাকা সত্ত্বেও উচ্চমূল্যের কারণে তা কিনতে না পারায় লাখ লাখ পরিবারের খাদ্যনিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে।



