ফিউশন সাজে মোহময়ী কৌশানি, নজর কাড়ল নতুন লুক

ফিউশন সাজে নতুন রূপে ধরা দিয়ে ভক্তদের নজর কেড়েছেন ওপার বাংলার অভিনেত্রী কৌশানি মুখার্জি। গাঢ় সবুজ পোশাকে সোনালি কারুকাজ, খোলা ঢেউখেলানো চুল আর আকর্ষণীয় অভিব্যক্তিতে তার নতুন লুক সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে।
সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি নতুন ছবি প্রকাশ করেন কৌশানি। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘তোমাদের নিউজফিডে যোগ করছি কিছু ফিউশন-ঘরানার আবহ।’
ছবিতে কৌশানিকে দেখা গেছে গাঢ় সবুজ রঙের জমকালো পোশাকে। পোশাকজুড়ে সোনালি, রুপালি ও লালচে নকশার সূক্ষ্ম কারুকাজ সাজটিকে দিয়েছে ভিন্ন মাত্রা। কোমরের অংশে মুক্তা ও পুঁতির ঝুলন্ত কাজ এবং একই রঙের ওড়নায় ফুটে উঠেছে আভিজাত্যের ছাপ।
সাজের সঙ্গে মানানসই গয়না নির্বাচনেও ছিল বিশেষ যত্ন। গলায় পাথরখচিত সোনালি হার, কানে ঝুলন্ত দুল ও আঙুলে আংটি তার সৌন্দর্যে যোগ করেছে বাড়তি আকর্ষণ। খোলা বাদামি ঢেউখেলানো চুল ও পরিমিত মেকআপে পুরো সাজে এসেছে উৎসবমুখর আবহ।
কখনো সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে, আবার কখনো পাশ ফিরে ভিন্ন ভঙ্গিতে ক্যামেরাবন্দি হয়েছেন অভিনেত্রী। বিশেষ করে পোশাকের পেছনের নকশা ও লম্বা ঢেউখেলানো চুল ছবিগুলোতে আলাদা করে নজর কেড়েছে।
অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতার মাধ্যমেও ভক্তদের মধ্যে নিজের স্বতন্ত্র পরিচিতি ধরে রেখেছেন কৌশানি। তার নতুন ফিউশন লুকেও সেই রুচিশীলতার প্রতিফলন দেখা গেছে।



