রাজধানীর ওয়ারীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২

রাজধানীর ওয়ারীতে একটি আবাসিক হোটেলে ঢুকে নাঈমুর রহমান (২৬) নামে এক ম্যানেজারকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হোটেলের জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক (৫০) ও কর্মচারী মো. হাসান (২৬) আহত হয়েছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে ওয়ারীর জয়কালী মন্দির সড়কে অবস্থিত ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।
ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) মো. আলআমিন মিয়া জানান, রাত আনুমানিক ২টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে দুই ব্যক্তি হোটেলটিতে প্রবেশ করেন। এ সময় তারা নাঈমুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। তাঁর চিৎকার শুনে জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক ও কর্মচারী হাসান এগিয়ে এলে তাঁদেরও কুপিয়ে আহত করা হয়।
পরে আহত তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাঈমুর রহমানকে মৃত ঘোষণা করেন।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, এক মুরগি ব্যবসায়ী ও তাঁর ছেলে এ হামলার সঙ্গে জড়িত থাকতে পারেন। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
আহত আব্দুর রাজ্জাকের পিঠে গুরুতর জখম এবং হাসানের পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত নাঈমুর রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার পূর্ব উজানচড় গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তিনি ওই হোটেলেই থাকতেন। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।



