জাতীয়

শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটিয়ে ক্রীড়াসামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী

জুমার নামাজ আদায়ের পর শিশু-কিশোরদের সঙ্গে কিছুটা সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি ব্যাডমিন্টন খেলার সামগ্রী উপহার দেন তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী।

নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে কথা বলেন তিনি। তাদের পড়াশোনা ও খেলাধুলার খোঁজখবর নেওয়ার পাশাপাশি সবার হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী তুলে দেন।

এ সময় শিশুরা নিয়মিত খেলাধুলার সুযোগ পাচ্ছে কি না এবং কেউ খেলাধুলা থেকে বাদ পড়ছে কি না, তা জানতে চান প্রধানমন্ত্রী। পাশাপাশি নিজেদের মধ্যে খেলার সামগ্রী ভাগাভাগি করে ব্যবহারের পরামর্শ দেন তিনি।

একজনের খেলার সামগ্রী অন্যরাও যেন ব্যবহার করতে পারে, সে বিষয়ে শিশুদের উৎসাহিত করেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও ভাগাভাগির মানসিকতা গড়ে তোলার বার্তা দেন তিনি।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এসব তথ্য জানান।

ক্যাটাগরি