জাতীয়

অবশেষে চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল, যেসব সুবিধা পাবেন যাত্রীরা

ছবি: সংগৃহীত
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। নানা জটিলতা ও পরিচালনা-সংক্রান্ত অনিশ্চয়তায় দুই বছরের বেশি সময় ধরে আটকে থাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল অবশেষে চালুর পথে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে উদ্বোধন করা হবে বহুল আলোচিত এই টার্মিনাল। এর ফলে দেশের আকাশপথের যাত্রীসেবায় যুক্ত হতে যাচ্ছে নতুন এক অধ্যায়।

টার্মিনালটি পরিচালনার বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সঙ্গে জাপানি কনসোর্টিয়ামের চুক্তির বিষয়টি চূড়ান্ত হয়েছে। আগামী রোববার (২৯ নভেম্বর) বেবিচক সদর দপ্তরে এ বিষয়ে প্রেস ব্রিফিং হওয়ার কথা রয়েছে। পরদিন সোমবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করা হবে।

বেবিচক সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর সংস্থাটির ৩২১তম বোর্ড সভায় জাপানি কনসোর্টিয়ামের প্রস্তাবিত শর্তাবলি পর্যালোচনা শেষে অনুমোদন দেওয়া হয়। এরপরই টার্মিনাল পরিচালনার চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়।

বদলে যাবে বিমানবন্দরের যাত্রীসেবার চিত্র

তৃতীয় টার্মিনাল চালু হলে শাহজালাল বিমানবন্দরের যাত্রী ধারণক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। বর্তমানে বিমানবন্দরের প্রথম ও দ্বিতীয় টার্মিনাল দিয়ে বছরে প্রায় ৮০ লাখ যাত্রীকে সেবা দেওয়া সম্ভব। নতুন টার্মিনাল যুক্ত হলে বছরে প্রায় ২ কোটি যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা তৈরি হবে।

প্রায় ২১ হাজার ৩৯৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই টার্মিনালের নির্মাণকাজ শুরু হয় ২০১৯ সালের ২৮ ডিসেম্বর। জাপানের মিৎসুবিশি, ফুজিটা ও দক্ষিণ কোরিয়ার স্যামসাংয়ের যৌথ উদ্যোগে প্রকল্পটির নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। নির্মাণকাজ ৯৯ শতাংশের বেশি শেষ হওয়ার পর ২০২৩ সালের অক্টোবরে এর সফট উদ্বোধন করা হয়। তবে পরিচালনা-সংক্রান্ত চুক্তি চূড়ান্ত না হওয়ায় এত দিন যাত্রীদের জন্য টার্মিনালটি চালু করা সম্ভব হয়নি।

যাত্রীদের জন্য থাকছে আধুনিক চেক-ইন সুবিধা

নতুন টার্মিনালের অন্যতম আকর্ষণ স্বয়ংক্রিয় চেক-ইন ব্যবস্থা। এখানে থাকবে ১০টি সেলফ চেক-ইন কিয়স্ক। যাত্রীরা এসব মেশিনে পাসপোর্ট ও টিকিটের তথ্য দিয়ে নিজেরাই বোর্ডিং পাস ও আসনসংক্রান্ত তথ্য সংগ্রহ করতে পারবেন। এরপর নির্ধারিত স্থানে লাগেজ জমা দেওয়ার ব্যবস্থা থাকবে।

এ ছাড়া যাত্রীদের সুবিধার্থে রাখা হচ্ছে ১০০টি চেক-ইন কাউন্টার। স্বাভাবিক ওজনের লাগেজের জন্য থাকবে ১৬টি ব্যাগেজ বেল্ট। পাশাপাশি অতিরিক্ত ওজনের বা বিশেষ আকারের ব্যাগেজের জন্য থাকছে আরও চারটি পৃথক বেল্ট। টার্মিনালটিতে একসঙ্গে ৩৭টি উড়োজাহাজ পার্কিংয়ের সুবিধাও থাকবে।

মা ও শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা

পরিবার নিয়ে ভ্রমণকারী যাত্রীদের সুবিধার বিষয়টিও গুরুত্ব পেয়েছে নতুন টার্মিনালে। প্রতিটি ওয়াশরুমের সামনে থাকবে বেবি কেয়ার লাউঞ্জ। এসব লাউঞ্জে মায়েদের জন্য ব্রেস্ট ফিডিং বুথ, শিশুর ডায়াপার পরিবর্তনের জায়গা এবং পরিবারের ব্যবহারের উপযোগী বাথরুম রাখা হয়েছে।

শিশুদের সময় কাটানোর জন্য থাকছে আলাদা প্লে-জোন। সেখানে থাকবে খেলার বিভিন্ন সরঞ্জাম। ফলে ফ্লাইটের অপেক্ষায় থাকা শিশুদের সময় কাটানো সহজ হবে।

মুভি লাউঞ্জ, ফুড কোর্ট ও চিকিৎসাসেবা

নতুন টার্মিনালে যাত্রীদের অপেক্ষার সময়কে আরও স্বাচ্ছন্দ্যময় করতে যুক্ত করা হয়েছে এয়ারলাইনস লাউঞ্জ, ডে-রুম, মুভি লাউঞ্জ ও ফুড কোর্ট। পাশাপাশি দীর্ঘ পথ হাঁটতে অসুবিধা হয় এমন যাত্রীদের জন্য থাকছে বিশেষ ধরনের স্ট্রেইট এক্সকেলেটর।

স্বাস্থ্যসেবার জন্যও রাখা হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। টার্মিনালে রয়েছে হেলথ ইন্সপেকশন রুম, প্রাথমিক চিকিৎসার জন্য ফার্স্ট এইড রুম, বিভিন্ন রোগ পরীক্ষার কেন্দ্র এবং আইসোলেশন এলাকা।

আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ার প্রত্যাশা

তৃতীয় টার্মিনাল চালু হলে বাংলাদেশের বিমানবন্দর ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। এর সঙ্গে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও মেট্রোরেলের যোগাযোগব্যবস্থা যুক্ত করার পরিকল্পনাও রয়েছে। এ ছাড়া ফ্রান্সের সহায়তায় আধুনিক রাডারসহ আকাশ নিরাপত্তার বিভিন্ন ব্যবস্থাও সংযোজন করা হয়েছে।

এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলমের মতে, যথাযথভাবে পরিচালনা করা গেলে আগামী পাঁচ থেকে সাত বছর বাড়তি যাত্রীদের উন্নত সেবা দিতে সক্ষম হবে তৃতীয় টার্মিনাল। তবে শুধু আধুনিক অবকাঠামো নির্মাণ করলেই হবে না, যাত্রীসেবার মান বাড়াতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দৃষ্টিভঙ্গি ও ব্যবস্থাপনাতেও পরিবর্তন আনতে হবে।

দীর্ঘদিন ধরে যাত্রীচাপ, সীমিত জায়গা ও সেবার নানা সীমাবদ্ধতায় ভুগছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। সেই বাস্তবতায় তৃতীয় টার্মিনাল চালু হওয়া শুধু নতুন একটি ভবন যুক্ত হওয়ার ঘটনা নয়; বরং দেশের বিমান পরিবহন খাতে সক্ষমতা ও সেবার মান বাড়ানোর বড় সুযোগ। এখন যাত্রীদের প্রত্যাশা, নির্ধারিত সময়ে টার্মিনালটি চালু হবে এবং আধুনিক সুযোগ-সুবিধার সুফল বাস্তবেই মিলবে।

ক্যাটাগরি