মিরপুর-১০-এ ইতিহাস পরিবহনের বাসে আগুন

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় মিরপুর-১ যাওয়ার পথে বাসটিতে আগুন দেওয়া হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
মিরপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চলন্ত বাসে দুর্বৃত্তরা গানপাউডার নিক্ষেপ করে আগুন লাগিয়ে থাকতে পারে। এ ধরনের ঘটনায় জড়িত ব্যক্তির নিজের জীবনও ঝুঁকির মধ্যে থাকে।
তিনি আরও জানান, বাসটির চালক ও হেলপারকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত করতে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, মিরপুর-১০ গোলচত্বর থেকে মিরপুর-১-এর দিকে যাওয়ার পথে ফায়ার সার্ভিস কার্যালয়ের বিপরীত পাশে ইতিহাস পরিবহনের বাসটিতে আগুন লাগে। শনিবার রাত ৭টা ৩৮ মিনিটে খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।



