কর্পোরেট

‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ থেকে টাকা তোলা যাবে আগামী সপ্তাহ

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক- এই পাঁচ ব্যাংককে একীভূত করে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। মতিঝিলের সেনা কল্যাণ ভবনে স্থাপিত প্রধান কার্যালয়ে দাপ্তরিক কাজ শুরু হয়েছে। আগামী বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে গভর্নর ড. আহসান এইচ মনসুর নতুন ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গত রবিবার গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বোর্ড সভায় একীভূতকরণের সিদ্ধান্ত হয়। সোমবার (১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত অনুমোদন ও লাইসেন্স পাওয়ার পর আজ (২ ডিসেম্বর) থেকে ব্যাংকটির কার্যক্রম চালু হয়।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ উদ্যোগ ইসলামী ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা আমানত ফেরতের প্রক্রিয়া গতি পাবে। আগামী সপ্তাহ থেকেই গ্রাহকদের দুই লাখ টাকা পর্যন্ত আমানত ফেরত দেওয়া শুরু হবে। এরপর বড় অঙ্কের আমানত পর্যায়ক্রমে ফেরতের জন্য রোডম্যাপ চূড়ান্ত করা হচ্ছে।

‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দেবে ২০ হাজার কোটি টাকা, আর অমানতকারীদের শেয়ার রূপান্তর থেকে আসবে ১৫ হাজার কোটি টাকা। ব্যাংকের অনুমোদিত মূলধন রাখা হয়েছে ৪০ হাজার কোটি টাকা- যা দেশের ব্যাংকিং ইতিহাসে সবচেয়ে বড় মূলধন কাঠামোর একটি।

ক্যাটাগরি