আগামী বছর ঈদুল ফিতরে ৫, ঈদুল আজহায় ৬ ও পূজায় ২ দিন ছুটি

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের মতো আগামী বছরও পবিত্র ঈদুল ফিতরে পাঁচ দিন, ঈদুল আজহায় ছয় দিন এবং শারদীয় দুর্গাপূজায় দুই দিন ছুটি রাখা হয়েছে।
ঈদুল ফিতরে ৫ ও আজহায় ৬ দিনের ছুটি
সংশ্লিষ্ট একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানান, চলতি বছরের মতো আগামী বছরও ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন সাধারণ ছুটি থাকবে।
ঈদুল ফিতরের আগে দুই দিন ও পরে দুই দিনসহ মোট চার দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। সাধারণ ছুটির এক দিনের সঙ্গে মিলিয়ে ঈদুল ফিতরে মোট পাঁচ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।
অন্যদিকে ঈদুল আজহার আগে দুই দিন ও পরে তিন দিনসহ মোট পাঁচ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। ঈদের দিন সাধারণ ছুটি মিলিয়ে এ উৎসবে মোট ছয় দিন ছুটি থাকবে।
দুর্গাপূজায় ছুটি দুই দিন
শারদীয় দুর্গাপূজায় আগামী বছরও দুই দিন ছুটি থাকবে। এর মধ্যে বিজয়া দশমীর দিন সাধারণ ছুটি এবং মহানবমীর দিন নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
সাধারণ ছুটি ১৫ দিন, নির্বাহী আদেশে ১৪ দিন
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৭ সালে সাধারণ ছুটি থাকবে ১৫ দিন এবং নির্বাহী আদেশে ছুটি থাকবে ১৪ দিন। সব মিলিয়ে সরকারি ছুটি ২৯ দিন।
তবে এই ছুটির মধ্যে সাত দিন সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবারে পড়েছে। এর মধ্যে সাধারণ ছুটির চার দিন এবং নির্বাহী আদেশের তিন দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে গেছে।
উল্লেখ্য, গত ২ নভেম্বর মন্ত্রিসভা বৈঠকে ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। অনুমোদনের পর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারির প্রস্তুতি চলছে।



